খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ই অক্টোবর ২০২৫, ৯:৯ পিএম
দক্ষিণ বঙ্গোপসাগরে বুধবার একটি শক্তিশালী নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আগামী ১২ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর প্রভাবে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ফেসবুকে দেওয়া এক পোস্টে মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের তথ্য অনুযায়ী, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে বর্তমানে ভারত ও বাংলাদেশের বর্ষা মৌসুম চলার কারণে বঙ্গোপসাগরে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড় তৈরি হওয়ার জন্য পুরোপুরি অনুকূল পরিবেশ নেই।
তবে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূল অতিক্রম করতে পারে। এর ফলে আগামী সোমবার (৬ অক্টোবর) পর্যন্ত বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় রাজ্যে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি শেষ পর্যন্ত এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তবে এর নাম হবে ‘শক্তি’।
আগামী ৭২ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪–৮৮ মি.মি. (২৪ ঘণ্টায়) ভারি বর্ষণ এবং >৮৮ মি.মি. অতিভারি বর্ষণ হতে পারে। এর ফলে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে।
ভারি বর্ষণ ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কারণে দেশের চারটি সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা—কে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকেও উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে।
খবরওয়ালা/এন
মন্তব্য