ধৈর্য্যের প্রতিমূর্তি হয়ে দাঁড়িয়ে সাদমান করলেন সেঞ্চুরি

২৬ ইনিংস পর সেঞ্চুরির দেখা পেলেন সাদমান ইসলাম। শুরু থেকেই মাথা ঠাণ্ডা রেখে বলের গুণাগুন বিচার করে খেলছিলেন তিনি। তাতে ফলটাও পেলেন। শেষ পর্যন্ত সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন তিনি।

আগের টেস্টে তিনি আউট হয়েছিলেন যথাক্রমে ১২ আর ৪ রান করে। ফলে তার বাদ পড়ার শঙ্কাও তৈরি হয়েছিল। শেষমেশ যখন টিকে গেলেন দলে, তার সুযোগটা তিনি দু’হাতে লুফে নিলেন।

ইনিংসের শুরু থেকে ধৈর্য্যের প্রতিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছেন ২২ গজে। বাংলাদেশের ইনিংসকে অ্যাংকর করছেন শুরু থেকেই। তবে খোলসে ঢোকেননি তিনি, জিম্বাবুয়ের প্রায়-নির্বিষ বোলিংয়ের সামনে তার প্রয়োজনও ছিল না। টেম্পারামেন্টের পরীক্ষাটা এখানেই ছিল অবশ্য, বাজে বলের সামনেই যে নিয়ন্ত্রণ হারিয়ে বাজে শট খেলার প্রবণতা তৈরি হয়।

তবে সাদমান তা হতে দেননি। বাজে বলকে শ্রদ্ধা জানাননি, সপাটে বাউন্ডারির বাইরে আছড়ে ফেলেছেন। ভালো বলকে শ্রদ্ধা জানিয়েছেন।

নিয়ন্ত্রণ হারানোর শঙ্কা আরও এক জায়গায় তৈরি হয়েছিল তার। সাদমান ওপাশে তার সঙ্গী এনামুল হক বিজয়কে হারিয়েছেন সেশনের শুরুর দিকে। তবে এরপরও নিজের ধৈর্য্য হারাননি।

তারই ফল তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। প্রথম সেঞ্চুরির ২৬ ইনিংস পর দ্বিতীয়টির দেখা পেলেন তিনি। প্রথম সেঞ্চুরিও এসেছিল জিম্বাবুয়ের বিপক্ষেই।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।