নতুন নীতিমালায় ইন্টারনেটের দাম বাড়ার আশঙ্কা

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রণীত নতুন খসড়া নীতিমালা বাস্তবায়িত হলে দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম বাড়তে পারে প্রায় ১৮ দশমিক ৪০ শতাংশ। এতে দেশের ইন্টারনেট খাতে অস্থিরতা সৃষ্টি এবং সেবার মান ও প্রাপ্যতায় ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।

আইএসপিএবি জানায়, প্রস্তাবিত নীতিমালা অনুযায়ী ফিক্সড টেলিকম সার্ভিস প্রোভাইডারদের (এফটিএসপি) ৫ দশমিক ৫ শতাংশ রাজস্ব ভাগাভাগি এবং ১ শতাংশ সামাজিক দায়বদ্ধতা তহবিলে জমা দিতে হবে। পাশাপাশি ১৪ শতাংশ হারে ক্রয়মূল্য বাড়বে। বাজার পরিস্থিতি যাচাই না করে এই নীতিমালা তৈরি হওয়ায় ব্রডব্যান্ড খাতে বিশৃঙ্খলা ও ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। দেশের প্রায় দুই হাজার ৭০০ ছোট ইন্টারনেট প্রতিষ্ঠান এতে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সংগঠনটি জানিয়েছে।

আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম বলেন, সরকারের বর্তমান টেলিকম নীতি মূল উদ্দেশ্য থেকে সরে গেছে। প্রস্তাবিত নিয়ম এখন আর জনস্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বর্তমানে সরকার এই খাত থেকে ২১ দশমিক ৪৫ শতাংশ রাজস্ব পায়, যা নতুন নীতিমালায় বেড়ে ৪০ দশমিক ২৫ শতাংশে পৌঁছাবে। তিনি আরও বলেন, বিটিআরসির প্রস্তাব অনুযায়ী ৭০০ টাকার ইন্টারনেট প্যাকেজের দাম বেড়ে ৮৫০ থেকে ৯০০ টাকায় দাঁড়াতে পারে। এতে প্রান্তিক ব্যবহারকারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন এবং শহর-গ্রামের ডিজিটাল বৈষম্য আরও বাড়বে।

আইএসপিএবির মহাসচিব নাজমুল করিম ভূঁইয়া বলেন, খসড়া নীতিমালায় মোবাইল অপারেটরদের ফিক্সড ওয়্যারলেস অ্যাকসেস এবং লাস্ট মাইল ফাইবার সংযোগের মাধ্যমে স্থায়ী ইন্টারনেট সংযোগ দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এতে স্থানীয় বিনিয়োগে গড়ে ওঠা আইএসপি প্রতিষ্ঠানগুলোর জন্য অসম প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি হবে।

সূত্র: সমকাল

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।