নতুন রাজনৈতিক দল নিবন্ধনে গণবিজ্ঞপ্তি দেবে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১০ মার্চ) এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করতে পারে সংস্থাটি।

রবিবার (৯ মার্চ) বিকালে এ সংক্রান্ত ফাইল অনুমোদন করেছে কমিশন।  বিজ্ঞপ্তিতে নিবন্ধনপ্রত্যাশী দলগুলোকে আগামী ২০ এপ্রিলের মধ্যে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আবেদন করার আহ্বান জানাতে যাচ্ছে ইসি।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচন কমিশন নতুন দল নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছে। শিগগিরই এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হবে।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার গণমাধ্যমকে বলেন, ‘ডিসেম্বরে নির্বাচন করতে হলে আমাদের নিবন্ধনের কাজটা এখনই শুরু করতে হবে। সেক্ষেত্রে বিদ্যমান আইনেই দলগুলোকে আবেদন করতে হবে।’

ইসির সংশ্লিষ্টরা জানান, নতুন দল নিবন্ধন প্রক্রিয়া শুরুর মধ্য দিয়ে আগামী নির্বাচনের প্রস্তুতিমূলক কাজে আরেক ধাপ এগিয়ে গেল কমিশন। নতুন গঠিত রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি)’ অন্য অনিবন্ধিত দলগুলো আগামী নির্বাচনে অংশ নিতে হলে এ প্রক্রিয়ায় আবেদন করতে হবে। আগামী ডিসেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে দল নিবন্ধনের সিদ্ধান্ত হয়েছে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে গেলে প্রায় তিন মাস সময় লেগে যাবে।

যদিও নতুন দল নিবন্ধন দিতে আরপিও সংশোধনের সুপারিশ করেছিল নির্বাচন সংস্কার কমিশন। সুপারিশে দল নিবন্ধনের শর্ত শিথিল করার সুপারিশ করা হয়। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটতে পারে—এ কারণে বিদ্যমান আইন অনুসরণ করে গণবিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। তবে গণপ্রতিনিধিত্ব আইন সংশোধনের কোনো সুপারিশ থাকলে তা পরে বাস্তবায়ন করবে কমিশন।

বর্তমানে নির্বাচন কমিশনে ৪৯টি রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রথম বারের মতো রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি চালু করা হয়।

 

খবরওয়ালা/এমবি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।