নাগরিকদের এনআইডির তথ্য তৃতীয় পক্ষকে যাচাই করতে দেওয়া হবে না : হুমায়ুন কবির

খবরওয়ালা অনলাইন ডেস্ক: কোনো প্রতিষ্ঠানকে নির্বাচন কমিশনের সার্ভার থেকে সরাসরি নাগরিকদের তথ্য যাচাই করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবির।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এনআইডির প্রধান কার্যালয়ে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

জানা যায়, নির্বাচন কমিশনের সঙ্গে চুক্তিবদ্ধ ১৮২টি প্রতিষ্ঠান জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করে। সম্প্রতি এসব প্রতিষ্ঠানের কোনো কোনোটির বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ ওঠে। এ নিয়ে তদন্তও চলছে ৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। গেল সপ্তাহে তথ্য ফাঁস রোধে করণীয় নির্ধারণে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন কমিশন।

ডিজি বলেন, আগে ব্যক্তির নাম ও জন্ম তারিখ দেওয়ার পর চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর কাছে এনআইডির তথ্যগুলো চলে যেত, এরপর তারা যাচাই করতেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি, তথ্য যাচাই অনলাইনের মাধ্যমে করে দেব।

ডিজি আরও বলেন, নাম ও জন্ম তারিখ দেওয়ার পর ম্যাচ অথবা নো ম্যাচের মাধ্যমে তাদের এনআইডির তথ্য যাচাই করে দেব আমরা। তিনি বলেন, ‘তথ্য যাচাইয়ের জন্য সিস্টেমে অনুরোধ পাঠানো হলে কোনটি ভুল কোনটি সঠিক, তা বলে দেব আমরা। চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর সুপারিশ অনুযায়ী আমরা ব্যক্তির ছবি দেওয়ার বিষয়ে আলোচনা করেছি। এক্ষেত্রে ব্যাংক বা প্রতিষ্ঠানগুলোর ব্যক্তির ছবিও দেখতে পাবেন।’

হুমায়ুন কবীর বলেন, বিশেষ অভিযোগের কারণে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সঙ্গে আমরা এনআইডি সেবা চুক্তিটি বাতিল করেছি। পরে জানতে পারি অনলাইনে বিভিন্ন সংস্থা ও ব্যক্তি এনআইডি নিয়ে কাজ করে। আমাদের টেকনিক্যাল টিম এটি খুঁজতে শুরু করে। কয়েকটি প্রতিষ্ঠানে অনুমানের ভিত্তিতে আমাদের টিম যাওয়ার পর দেখতে পায়, সেখান থেকে তথ্য ফাঁস হচ্ছে। সেগুলো আমরা বন্ধ করেছি। এনআইডির তথ্য ফাঁস ঠেকাতে আমরা চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে ডেকেছি এবং তাদের মতামত গ্রহণ করে কীভাবে তথ্যগুলোকে আরও সুরক্ষিত রাখা যায় এ নিয়ে আলোচনা করেছি।

তথ্য ফাঁস রোধের বিষয়ে তিনি বলেন, সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য আমরা একটি টিম করে দেব। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাও থাকবেন। ওনারা যে কোনো সময়, যে কোনো প্রতিষ্ঠানে গিয়ে ওই প্রতিষ্ঠানের সিস্টেম চেক করতে পারবেন।
 

খবরওয়ালা/আরডি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।