নাঙ্গলকোটে স্টেশন মাস্টারের ভুলে থামেনি চট্টলা এক্সপ্রেস, দুর্ভোগে শত শত যাত্রী

কুমিল্লার নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনে এক স্টেশন মাস্টারের ভুল সিদ্ধান্তে শত শত যাত্রীকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। পূর্ব নির্ধারিত স্টপেজে না থেমে ট্রেন চলে যায় অন্য স্টেশনে। এতে যাত্রীরা বিক্ষোভ করেন এবং ঘটনাস্থলে বিশৃঙ্খলা দেখা দেয়। রেল কর্তৃপক্ষ ঘটনার পর স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত করেছে এবং তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে।

ঘটনাটি ঘটেছে রোববার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে, কুমিল্লার নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি নাঙ্গলকোট স্টেশনে থামার কথা থাকলেও ভুল সিগন্যালে ট্রেনটি স্টেশন না থেমে চলে যায়। এতে যাত্রীরা দারুণভাবে ক্ষুব্ধ হয়ে স্টেশন মাস্টারকে ঘেরাও করে প্রতিবাদ জানান।

পরবর্তীতে যাত্রীদের চট্টগ্রাম পৌঁছাতে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনকে নাঙ্গলকোট স্টেশনে থামানো হয়।

নাঙ্গলকোট স্টেশন মাস্টার রূপন চন্দ্র শীল দাবি করেন, আমি লাকসাম কেবিনের মাস্টারকে ট্রেন চালানোর জন্য জানিয়েছিলাম। কিন্তু তিনি ভুল করে চট্টলা (৮০২) কে সুবর্ণ (৭০২) ভেবে সিগন্যাল দেন। এটাই মূল কারণ হতে পারে।

অন্যদিকে, লাকসাম কেবিন মাস্টার শিমুল মজুমদার পাল্টা মন্তব্য করে বলেন,

“আমি ঠিকভাবে ৮০২ চট্টলার কাগজ দিয়েছি। কিন্তু শুধু মাস্টারের ভুল নয়, ট্রেনের চালক ও গার্ডও ব্রেক দিতে পারতেন। তারা চাইলে থামাতে পারতেন।

রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, স্টেশন মাস্টার রূপন চন্দ্র শীলকে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

খবরওয়ালা/টিএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।