নানা অপকর্মের অভিযোগ তুলে পদত্যাগ করলেন বৈছাআ’র রংপুরের সংগঠক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ)-এর রংপুর জেলা কমিটির সংগঠক তৌফিক আহমেদ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সংগঠনের ভেতরে চাঁদাবাজি, দালালদের প্রভাব এবং অপকর্মের বিরুদ্ধে কেন্দ্রীয় কমিটির নির্লিপ্ততার প্রতিবাদে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

রবিবার (২৫ মে) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে তিনি পদত্যাগের ঘোষণা দেন। তৌফিক ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর শিক্ষার্থী ছিলেন।

ফেসবুক পোস্টে তৌফিক লেখেন, ‘আজ আমি তীব্র ক্ষোভ ও গভীর ঘৃণা নিয়ে বিবেকের কাছে দায়বদ্ধ হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সংগঠক পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করছি। ইতিহাসের কাছে দায়বদ্ধতা থেকে আমার এই সিদ্ধান্ত। যেন কেউ না ভাবে আমরা সবাই নীরব ছিলাম।’

তিনি আরও অভিযোগ করেন, ‘আন্দোলনের রক্ত দিয়ে কেনা ব্যানারকে যারা মামলা বাণিজ্য, চাঁদাবাজি, দালালি ও ক্ষমতা দখলের সিঁড়ি বানিয়েছে, তাদের বিচার একদিন হবেই। শহীদদের রক্ত বিক্রি করে যারা মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

এর আগে গত ১৮ মে, একই সংগঠনের রংপুর জেলা ও মহানগর কমিটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে ১৬ জন একযোগে পদত্যাগ করেন।

এ বিষয়ে জানতে চাইলে তৌফিক আহমেদ বলেন, ‘সংগঠনে লিখিত পদত্যাগপত্র জমা দেওয়ার নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আমি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমেই আমার অবস্থান স্পষ্ট করেছি। আমি শুরু থেকেই এসব অনিয়মের বিরুদ্ধে ছিলাম, প্রতিবন্ধকতার চেষ্টা করেছি। কিন্তু কেন্দ্রীয় পর্যায়ে এসবকে প্রশ্রয় দেওয়া হচ্ছিল বলে আর কোনো ভূমিকা রাখার সুযোগ ছিল না। তাই নিজেকে সরিয়ে নিই।’

সংগঠনের বর্তমান জেলা আহ্বায়ক ইমরান আহমদ ও সদস্যসচিব আশফাক আহমেদ জামিলের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

 

খবরওয়ালা/আরডি 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।