নিউজিল্যান্ডের দাপুটে জয়, নিশ্চিত হলো ২০২৬ বিশ্বকাপ টিকিট

২০২৬ সালে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে নিউজিল্যান্ড। এটি হবে তাদের তৃতীয় বিশ্বকাপ সফর। এর আগে ১৯৮২ ও ২০১০ সালে ফুটবলের সর্বোচ্চ মঞ্চে খেলার সুযোগ পেয়েছিল তারা।

সোমবার (২৪ মার্চ) ওশেনিয়া অঞ্চলের বাছাইপর্বের ফাইনালে ঘরের মাঠ অকল্যান্ডে নিউ ক্যালিডোনিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে অল হোয়াইটসরা। ম্যাচের দ্বিতীয়ার্ধে তিনটি গোল আসে। ৬১তম মিনিটে ডিফেন্ডার মাইকেল বক্সাল প্রথম গোল করেন। এরপর পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন উইঙ্গার কস্টা বারবারুসেস। ৮০তম মিনিটে বদলি হিসেবে নামা এলাইজাহ জাস্ট দলের জয় নিশ্চিত করেন।

এর আগে, গত তিনটি বিশ্বকাপ বাছাইপর্বে ওশেনিয়া অঞ্চলে সেরা হলেও আন্তঃমহাদেশীয় প্লে-অফে হেরে গিয়ে মূল পর্বে জায়গা করে নিতে পারেনি নিউজিল্যান্ড। তবে ২০২৬ বিশ্বকাপ ৪৮ দলের হওয়ার ফলে ওশেনিয়া অঞ্চল থেকে একটি দল সরাসরি খেলার সুযোগ পেয়েছে, যা কাজে লাগিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড।

এশিয়া অঞ্চল থেকে বাছাইপর্ব পেরিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে জাপান। নিউজিল্যান্ড দ্বিতীয় দল হিসেবে তাদের সঙ্গী হয়েছে। এছাড়া, স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো ইতোমধ্যেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।

নিউ ক্যালিডোনিয়া অবশ্য এখনো বিশ্বকাপে খেলার আশা ধরে রেখেছে। তারা আগামী বছরের মার্চে ছয় দল নিয়ে অনুষ্ঠেয় আন্তঃমহাদেশীয় প্লে-অফে অংশ নেবে, যেখানে অন্য মহাদেশের দলগুলোর বিপক্ষে জিতে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সুযোগ থাকবে।

২০২৬ সালের বিশ্বকাপ আয়োজন হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ ব্যবস্থাপনায়, যেখানে প্রথমবারের মতো ৪৮ দল অংশ নেবে, যা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসর হতে যাচ্ছে।

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।