খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনে বিএনপির প্রার্থী হতে পারেন বলে স্থানীয় নেতারা জানিয়েছেন।
গত বৃহস্পতিবার রাতে ফুলগাজী উপজেলা বিএনপির ছয়টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। প্রতিটি ইউনিয়নে ১০ সদস্যের উপদেষ্টা পরিষদ এবং ৭১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
সেখানে ফুলগাজী সদর ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটিতে উপদেষ্টা পরিষদের প্রথম সদস্য হিসেবে খালেদা জিয়ার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন জানান, ‘পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মধ্য দিয়ে তৃণমূল বিএনপির কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই আসন থেকে প্রার্থী হবেন।’
ফুলগাজীতে খালেদা জিয়ার পৈতৃক নিবাস। এই আসন থেকেই তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
ফুলগাজী উপজেলা বিএনপির সদস্যসচিব আবুল হোসেন বলেন, তৃণমূল বিএনপির কার্যক্রম আরও শক্তিশালী ও সক্রিয় করতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
খবরওয়ালা/টিএসএন