নির্বাচন কমিশনের সভা বয়কট করল ছাত্রদল, বললো ‘পাকিস্তানি প্রশাসন’

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যে নির্বাচন কমিশনের মতবিনিময় সভা বর্জন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। তাদের সঙ্গে সংহতি জানিয়ে একই সভা বয়কট করেছেন বামপন্থি সংগঠন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতারাও।

রবিবার (৩১ আগস্ট) বিকেল ৬টায় রাকসু নির্বাচন কমিশন এই জরুরি মতবিনিময় সভা ডাকে।

সভা বর্জনের পর ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “আমরা প্রশাসনের আহ্বানে এখানে এসেছিলাম, কিন্তু এসে দেখি রাকসু নির্বাচন কমিশনের আয়োজিত সভায় কথা বলার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাকসু নির্বাচন কমিশনের নির্দেশে ছাত্রদলের ওপর হামলা হয়েছে। তাই আমরা ‘পাকিস্তানি প্রশাসনের উপাচার্য’ সালেহ হাসান নকীবের সভায় থাকব না।”

তিনি আরও জানান, কেবল ছাত্রদল নয়, তাদের সঙ্গে বন্ধুপ্রতিম ও মুক্তিযুদ্ধে বিশ্বাসী সংগঠন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতাকর্মীরাও এই সভা বর্জন করেছেন। এমন সাহসী সিদ্ধান্তের জন্য তিনি তাদের ধন্যবাদ জানান।

রাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে দিনভর বিক্ষোভ করেন রাবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। তারা নির্বাচন কমিশনে তালা দেন এবং প্রধান ফটক অবরোধ করে আন্দোলন করেন। এ সময় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তাদের ধস্তাধস্তিও হয়।

এ বিষয়ে রাকসুর ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দ বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের মতবিনিময় সভায় ডেকেছি। এখন কেউ যদি আমাদের সভা বর্জন করে, সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত।”

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।