নেত্রকোনা সদর উপজেলার জয়শিদ গ্রামে এক দম্পতিকে হাত-পা বেঁধে মারধর ও লুটপাটের ঘটনায় যুবদল নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হানিফ এবং একই উপজেলার বিচিপাড়া গ্রামের বাসিন্দা আল আমিন। বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে হানিফকে নিজ গ্রাম থেকে এবং আল আমিনকে কলমাকান্দা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত সোমবার রাত ২টার দিকে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত জয়শিদ গ্রামের পোলট্রি ব্যবসায়ী শহিদুল ইসলাম খোকনের বাড়িতে হানা দেয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে শহিদুল ও তাঁর স্ত্রী বিউটি আক্তারকে হাত-পা ও মুখ বেঁধে নির্যাতন চালানো হয়। এরপর দুর্বৃত্তরা ঘরে ঢুকে টেবিলের ওপর থেকে একটি মোবাইল ফোন, ট্রাংক থেকে নগদ ৪৫ হাজার টাকা এবং স্বর্ণালংকার (হাতের বালা, কানের দুল ও আংটি) লুট করে।
পরে স্বজনেরা গুরুতর আহত শহিদুলকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে শহিদুল ইসলাম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় মামলা করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে।
নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, ‘গ্রেপ্তার হানিফ যুবদলের নেত্রীত্বশীল পদে রয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। তাঁদের শনিবার সকালে আদালতে পাঠানো হবে।’
খবরওয়ালা/এন



