বরিশালের গৌরনদীতে গভীর রাতে এক নারী নেত্রীর বাসায় কফি পান করতে গিয়ে ঘরের ভেতর তালাবদ্ধ হওয়ার ঘটনায় বিপাকে পড়েছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টু। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে গৌরনদী উপজেলা গেট সংলগ্ন মাশাল্লাহ ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই লোহার শাবল দিয়ে দরজার তালা ভেঙে তাঁকে উদ্ধার করেন দুই ছেলে ও রাজনৈতিক সহযোগীরা। আকস্মিক এই ঘটনাকে কেন্দ্র করে গোটা বরিশালের রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আলোচনা শুরু হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় একাধিক সূত্রের ভাষ্য অনুযায়ী, মাশাল্লাহ ভবনের তৃতীয় তলার ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়ে বসবাস করছেন এক বিএনপি নেত্রী, যিনি গত ৫ আগস্টের পর দলে যোগ দিয়েছেন। স্থানীয় বিএনপির একাধিক নেতার সঙ্গে তাঁর অনৈতিক সম্পর্কের গুঞ্জন আগে থেকেই এলাকায় ছড়িয়ে পড়েছিল। সূত্রগুলো জানায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বদিউজ্জামান মিন্টু ওই নেত্রীর ফ্ল্যাটে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন ফ্ল্যাটের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে দেন এবং যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের খবর দেন।
খবর ছড়িয়ে পড়লে রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে ছুটে যান মিন্টুর দুই ছেলে অন্তর ও অঞ্জনসহ তাঁর রাজনৈতিক অনুসারীরা। তাঁরা লোহার শাবল দিয়ে ফ্ল্যাটের তালা ভেঙে মিন্টুকে ভেতর থেকে বের করে আনেন এবং দ্রুত মোটরসাইকেলে করে সেখান থেকে নিয়ে যান। এর পরপরই ছাত্রদল ও যুবদলের কয়েকজন নেতাকর্মী ওই বাসায় উপস্থিত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাঁরা ওই নেত্রীকে দ্রুত বাসা গুটিয়ে গৌরনদী ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন।
দলীয় নেতার এমন ঘটনায় স্থানীয় রাজনীতিতে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে গৌরনদী উপজেলা বিএনপির সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ সংক্ষেপে জানান, তিনি ছাত্রদল ও যুবদল নেতাদের মুখে ঘটনাটি শুনেছেন। এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।
অন্যদিকে, বরিশাল জেলা (উত্তর) বিএনপির সদস্যসচিব মো. মিজানুর রহমান খান মুকুল জানান, বিষয়টি জানার পর তিনি ছাত্রদল ও যুবদল নেতাদের নির্দেশ দিয়েছিলেন যেন আগে মিন্টুকে তালাবদ্ধ অবস্থা থেকে উদ্ধার করা হয় এবং পরবর্তীতে দলীয় ফোরামে বসে এ বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে। ক্ষোভ প্রকাশ করে মুকুল বলেন, ‘আমার কথামতো ছাত্রদল ও যুবদল নেতারা সেখানে গেলে মিন্টুর সহযোগীরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করে, এমনকি আমাকেও গালিগালাজ করে।’
তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন বদিউজ্জামান মিন্টু। পুরো ঘটনাটিকে একটি পরিকল্পিত ষড়যন্ত্র ও অপপ্রচার হিসেবে দাবি করে তিনি বলেন, ‘প্রথমত আমি রাত সাড়ে ১১টায় ওই বাসায় যাইনি। রাত ৯টার দিকে উপজেলা গেটে বসে চা পান করছিলাম। তখন ওই নেত্রী আমাকে ফোন করে কফি পানের দাওয়াত দিয়ে বাসায় ডেকে নেন।’
ফ্ল্যাটের ভেতরের পরিস্থিতির বর্ণনা দিয়ে তিনি দাবি করেন, বাসায় ঢুকে তিনি ওই নেত্রীর ছেলের সঙ্গে বসে কথা বলছিলেন। ঠিক সেই মুহূর্তেই তাঁর প্রতিপক্ষরা সেখানে গিয়ে বাইরে থেকে দরজায় তালা ঝুলিয়ে দেয়। পরে তাঁর লোকজন গিয়ে তালা খুলে তাঁকে সেখান থেকে নিয়ে আসেন।
এই ঘটনার নেপথ্যে আসন্ন স্থানীয় নির্বাচনের সমীকরণ কাজ করছে বলে মনে করেন মিন্টু। তিনি বলেন, ‘আমাকে নিয়ে ষড়যন্ত্র এবং অপপ্রচার চালানো হচ্ছে। আমি গৌরনদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করব বলে ঘোষণা দিয়েছি। এরপর থেকেই তাদের মাথা খারাপ হয়ে গেছে। আমার দলের প্রতিপক্ষরাই আমার বিরুদ্ধে এখন ষড়যন্ত্র করছে।’ অবশ্য নিজ দলের সেই প্রতিপক্ষ কারা, সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কারও নাম প্রকাশ করেননি তিনি।


