খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর ২০২৫
জুলাই সনদে বিএনপি যে বিষয়গুলোতে নোট অব ডিসেন্ট দিয়েছে, তা থেকে বোঝা যায় দলের মধ্যে স্বৈরাচারের চিন্তাভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
রোববার (২ নভেম্বর) রাজধানীর কাকরাইলে বাংলাদেশ জামায়াতে ইসলাম আয়োজিত ‘ফ্যাসিবাদের কালো থাবা ও আগামীর বাংলাদেশের চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।
তাহের বলেন, “বিএনপি যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে, সেগুলো থেকে বোঝা যায় তাদের মধ্যে স্বৈরাচার হওয়ার একটা পরিকল্পনা রয়েছে। মনে হচ্ছে তারা ভেতরে ভেতরে স্বৈরাচারী হওয়ার চেষ্টা করছে, যার কারণে আমরা যেই স্বৈরাচারের পথ বন্ধ করতে চেয়েছিলাম, তারা তা করতে দিচ্ছে না।”
তিনি আরও বলেন, “বিএনপি আজ কী নিয়ে লড়াই করছে? তারা মাসের পর মাস আমাদের সঙ্গে এক হয়ে ৩১টি দল মিলিত হয়ে সংস্কারের জন্য ঐক্যবদ্ধ হয়েছে। বিএনপিও এতে অংশ নিয়েছে এবং সনদে স্বাক্ষর করেছে। আমি ও সালাহউদ্দিন সাহেব একসাথে ছিলাম। স্বাক্ষর করার দিনও আমি ও ফখরুল সাহেব পাশাপাশি ছিলাম। উনারা স্বেচ্ছায়, প্রস্তুত হয়ে স্বাক্ষর করেছেন; কোনো জোরাজুরি ছিল না। তাদের চেহারায় কোনো মলিন ভাব ছিল না, কলম কাঁপছে এমনটা দেখিনি। হঠাৎ এক রাতে তারা যা স্বপ্ন দেখেছে, সকালে উঠে উল্টাপাল্টা বলছেন।”
সংস্কারকে বাংলাদেশের উন্নয়নমুখী গণতন্ত্রের জন্য অপরিহার্য হিসেবে উল্লেখ করে তাহের বলেন, “সংস্কার নিয়ে আমরা কোনো আপস করি না। সংস্কার ছাড়া প্রধান উপদেষ্টা শূন্য। কারো চাপে মাথা নত করি না। কোনো দলকে খুশি করার জন্য কাজ করি না; আমাদের কাজ হলো জাতিকে খুশি করা।”