খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ জুন ২০২৫
আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা ও অনিশ্চয়তার মাঝে যুক্তরাজ্য পারমাণবিক সক্ষমতা বাড়াতে ১২টি এফ-৩৫এ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা নিয়েছে। এই যুদ্ধবিমানগুলো পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম।
বুধবার (২৫ জুন) ন্যাটো শীর্ষ সম্মেলনের মঞ্চ থেকে এ ঘোষণা দেবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তার কার্যালয় ডাউনিং স্ট্রিটের বরাতে খবরটি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
স্টারমারের কার্যালয় একে ‘এক প্রজন্মে যুক্তরাজ্যের পারমাণবিক অবস্থান শক্তিশালীকরণে সবচেয়ে বড় পদক্ষেপ’ বলে উল্লেখ করেছে।
বর্তমানে যুক্তরাজ্যের পারমাণবিক হামলার সক্ষমতা শুধুমাত্র সাবমেরিন থেকে উৎক্ষেপণের মধ্যে সীমাবদ্ধ। নতুন বিমানগুলো যুক্ত হলে দ্বিতীয় মাধ্যম হিসেবে আকাশপথে পারমাণবিক অস্ত্র বহনের পথ খুলে যাবে।
এক বিবৃতিতে প্রধানমন্ত্রী স্টারমার বলেন, ‘আমরা এমন এক যুগে বসবাস করছি, যেখানে নিরাপত্তা হুমকি ক্রমেই বাড়ছে। এই সময়ে শান্তিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তাই আমার সরকার জাতীয় নিরাপত্তায় বড় বিনিয়োগ করছে।’
তিনি আরও বলেন, ‘এই বিমানগুলো আমাদের বিমান বাহিনীর জন্য এক নতুন যুগের সূচনা করবে এবং যুক্তরাজ্য ও মিত্রদের সুরক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
ব্রিটিশ প্রধানমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুট। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এটি ন্যাটোর প্রতি যুক্তরাজ্যের একটি দৃঢ় প্রতিশ্রুতি।’
যুক্তরাজ্যের বিমানবাহিনীর জন্য কেনা এই যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন কোম্পানির তৈরি এফ-৩৫ সিরিজের অংশ। এটি বিশ্বের অন্যতম ব্যয়বহুল ও উন্নত প্রযুক্তিসম্পন্ন যুদ্ধবিমান। এই বিমান প্রচলিত অস্ত্রের পাশাপাশি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম।
উল্লেখ্য, যুক্তরাজ্যের কাছে এর আগে এফ-৩৫বি সংস্করণের কিছু যুদ্ধবিমান রয়েছে। তবে সেগুলো পারমাণবিক অস্ত্র বহনের জন্য উপযোগী নয়।
খবরওয়ালা/এন