খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 25শে শ্রাবণ ১৪৩২ | ৯ই আগস্ট ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
রাজধানীর বাজারে ইলিশের দাম এত বেশি যে অনেক ক্রেতাই হতাশ হয়ে ফিরছেন খালি হাতে। ৫০০ গ্রামের ছোট ইলিশ কিনতেও খরচ পড়ছে দেড় হাজার টাকা পর্যন্ত। অথচ ভারতের পশ্চিমবঙ্গে একই আকারের ইলিশ কেজিতে অন্তত ৪০০ টাকা কম দামে বিক্রি হচ্ছে।
৪ আগস্ট, সোমবার সকাল সোয়া ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারের রেলগেটসংলগ্ন মাছের বাজারে ক্রেতা নাহিদা ইসলামের সঙ্গে মাছ ব্যবসায়ী আকতারুজ্জামানের কথোপকথনেই ফুটে উঠেছে ইলিশের অস্বাভাবিক দামের চিত্র। নাহিদা জানতে চান, ‘এক কেজি মাছ ২ হাজার ৬০০ টাকা—এটা কোনো কথা!’ জবাবে আকতারুজ্জামান বলেন, ‘আমি ১৭ বছর ধরে ব্যবসা করি, ইলিশের এমন দাম দেখি নাই।’
কারওয়ান বাজার, মোহাম্মদপুর, বিজয় সরণি ও অন্যান্য বাজারে একই চিত্র—দোকানে ভিড় কম, দামাদামি বেশি, আর অনেকে দাম শুনে ফিরে যাচ্ছেন। যারা কিনছেন, তারাও ইচ্ছার চেয়ে কম ওজনের মাছ নিয়ে বাড়ি ফিরছেন। পুরোনো বিক্রেতা ও অভিজ্ঞ ক্রেতারা বলছেন, এমন দাম আগে দেখেননি।
ঢাকার খুচরা বাজারে ৫০০ গ্রামের ইলিশ প্রতি কেজি ১,৪৫০ থেকে ১,৬০০ টাকা, ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ ১,৮৫০ থেকে ২,০০০ টাকা, আর এক কেজি বা বড় আকারের ইলিশ ২,৬০০ থেকে ৩,২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
মাছ ব্যবসায়ী মো. সুমন জানান, ৮০০ গ্রামের বেশি ওজনের ইলিশের দাম ২,১০০ থেকে ২,২০০ টাকা কেজি, এক কেজির মাছ ২,৪০০ টাকা, আর দেড় কেজির বেশি হলে ২,৮০০ টাকা কেজি।
অন্যদিকে কলকাতা ও হাওড়ার বাজারে ৫০০ গ্রামের ইলিশের দাম ৬০০ থেকে ৭৫০ রুপি (প্রায় ১,০৫০ টাকা)। ৭০০ গ্রামের বেশি ওজনের ইলিশ ১,২০০ থেকে ১,৩০০ রুপি (১,৬০০–১,৮০০ টাকা), আর এক কেজি ইলিশ ১,৫০০ থেকে ১,৮০০ রুপি (২,০০০–২,৫০০ টাকা)। অর্থাৎ একই আকারের ইলিশ বাংলাদেশে কেজিতে অন্তত ৪০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।
পশ্চিমবঙ্গের বাজারে এখন মিয়ানমারের ইরাবতী নদীর ইলিশের সরবরাহ বেশি। ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অতুল দাস জানান, এক কেজির বেশি ওজনের ইলিশ দেড় হাজার রুপিতে বিক্রি হচ্ছে, আর গুজরাট ও মুম্বাই উপকূলের বড় ইলিশ এক হাজার রুপিতে মিলছে। তবে স্থানীয় বড় ইলিশ তুলনামূলক বেশি দামে—১,৭০০ থেকে ১,৮০০ রুপি কেজি।
চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশের ইলিশ পশ্চিমবঙ্গে যায়নি। কিন্তু পশ্চিমবঙ্গে বাংলাদেশের ইলিশের বিশেষ কদর আছে। রাজ্যের ব্যবসায়ী থেকে ভোক্তা—সবাই এ ইলিশের জন্য অপেক্ষায়। কলকাতার মাছ আমদানিকারকদের সংগঠন ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অতুল দাস বলছিলেন, ‘আমরা চাইছি, এবারও বাংলাদেশ সরকার ১৫ আগস্টের পর ইলিশ রপ্তানি করুক। এই লক্ষ্যে আবেদনও করা হয়েছে।’
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার আজ শনিবার প্রথম আলোকে বলেন, ‘ইলিশ মাছ রপ্তানির অনুরোধ জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে ভারত থেকে প্রস্তাব এসেছে বলে শুনেছি। …আমার কাছে কোনো কিছু আসেনি। এ প্রস্তাবের কথাটাও আমি পত্রিকায় দেখেছি।’
খবরওয়ালা/এন