খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 6শে ভাদ্র ১৪৩২ | ২১ই আগস্ট ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
কৌশলগত সামরিক সক্ষমতা প্রদর্শনের অংশ হিসেবে ‘অগ্নি-৫’ নামের মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। বুধবার (২০ আগস্ট) ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে এ উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষামূলক উৎক্ষেপণে ক্ষেপণাস্ত্রটির সমস্ত অপারেশনাল ও কারিগরি প্যারামিটার যাচাই করা হয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পরীক্ষাটি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে।
সম্প্রতি ভারত-পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ফ্লোরিডার ট্যাম্পায় প্রবাসী পাকিস্তানিদের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ভারতের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে অস্তিত্বের হুমকি দেখা দিলে পারমাণবিক হামলার হুমকি দেন। পরবর্তীতে পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ দেশটির শীর্ষ নেতারাও একই ধরনের মন্তব্য করেন। এ নিয়ে ভারতও কঠোর প্রতিক্রিয়া জানায়।
বিশ্লেষকদের মতে, পাকিস্তানের এই হুমকির জবাব এবং নিজেদের সক্ষমতা তুলে ধরতেই অগ্নি-৫ এর সফল পরীক্ষা চালিয়েছে ভারত।
খবরওয়ালা/টিএসএন