পাবনায় গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

পাবনা সদর উপজেলার টিকরী গ্রামে সাদিয়া খাতুন (২২) নামের এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যৌতুকের দাবিতে নির্যাতনের পর তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।

ঘটনার পর থেকে পলাতক রয়েছে নিহতের স্বামী সাব্বির হোসেনসহ শ্বশুরবাড়ির লোকজন। নিহতের তিন বছরের একটি সন্তান রয়েছে।

বুধবার (২৬ জুন) রাতে এ ঘটনা ঘটে। নিহত সাদিয়া উপজেলার টিকরি গ্রামের মো. সোহেল মোল্লার মেয়ে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, পাবনা সদর উপজেলার হেমায়েতপুরপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামের সালাম প্রামাণিকের  ছেলে সাব্বির হোসেনের সঙ্গে চার বছর আগে বিয়ে হয় সাদিয়ার।

সাদিয়ার স্বজনরা বলেন, বিয়ের পর থেকেই নানা অজুহাতে যৌতুকের জন্য সাদিয়াকে নির্যাতন করতো তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। কিছুদিন আগে সাব্বিরকে একটি মোটরসাইকেল কিনে দেওয়া হয়। এরপরও সাদিয়ার ওপর চালানো হত নির্যাতন।

এরই জেরে বুধবার (২৫ জুন) রাতে সাদিয়াকে মারধর করে গুরুতর আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায় তার স্বামী। কিছুক্ষণ পরই চিকিৎসাধীন অবস্থায় সাদিয়ার মৃত্যু হয়।

নিহত সাদিয়ার মামা দুলাল মোল্লা জানান, সাদিয়ার শরীরে মারধরের স্পষ্ট চিহ্ন ছিল। এটি স্বাভাবিক মৃত্যু নয়, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মামলার প্রস্তুতি চলছে।

খবরওয়ালা/এমএজেড

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।