পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বিএনপির দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে। এ সময় স্থানীয় বিএনপির এক নেতার বসতবাড়িতেও ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালানো হয়। রোববার বিকেলে উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। আকস্মিক এই হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, পিরোজপুরের নাজিরপুর উপজেলার সীমান্তবর্তী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার ডুমুরিয়া এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ২৫০ থেকে ৩০০ জন নেতা-কর্মী একটি মিছিল বের করেন। মিছিলটি সীমানা পেরিয়ে নাজিরপুরের মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড় এলাকায় প্রবেশ করে। মিছিলকারীরা এলাকায় ঢুকেই মারমুখী অবস্থান নেয় এবং স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল নিয়ে এসেই একদল নেতা-কর্মী মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন তালুকদারের বসতবাড়ির সামনে অবস্থান নেন। সেখানে তাঁরা বাড়িটি লক্ষ্য করে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। ইটের আঘাতে সুমন তালুকদারের বাড়ির একটি থাই গ্লাস ভেঙে চুরমার হয়ে যায়। বাড়িতে হামলার পরপরই মিছিলকারীরা মোবাইল টাওয়ার মোড়সংলগ্ন বিএনপির একটি কার্যালয়ে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেয়।
হামলার তাণ্ডব এখানেই থামেনি। একই সময়ে মালিখালী ইউনিয়ন বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেনের কার্যালয়েও হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। হামলাকারীরা কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ভেঙে তছনছ করে। পরে ভাঙা আসবাবপত্রগুলো কার্যালয়ের বাইরে এনে সেগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হয়। শুধু তা-ই নয়, ধারালো অস্ত্র দিয়ে কার্যালয়ের টিনের বেড়া ও চাল কুপিয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়।
দিনদুপুরে শত শত লোকের মিছিল থেকে এমন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে ভীতির সঞ্চার হয়। ঘটনার পরপরই স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
সার্বিক বিষয়ে জানতে চাইলে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ভাঙচুর ও অগ্নিসংযোগের এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


