খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট ২০২৫
সহকারী শিক্ষক পদে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ করাসহ তিন দফা দাবি জানিয়ে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। মহাসমাবেশ চলাকালে শিক্ষকের একটি প্রতিনিধিদল দাবির বিষয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় স্মারকলিপি দিতে গেছেন।
শনিবার (৩০ আগস্ট) সকাল থেকে এ মহাসমাবেশ চলছে। শিক্ষকেরা বলছেন, স্মারকলিপি দেওয়ার পর সরকারের অবস্থান দেখে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।
প্রাথমিক শিক্ষকদের ছয়টি পৃথক সংগঠনের মোর্চা ‘সহকরী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এই মহাসমাবেশের ডাক দিয়েছেন। এতে সারা দেশ থেকে হাজারো শিক্ষক অংশ নিয়েছেন। পুরো শহীদ মিনার চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে গেছে শিক্ষকের পদচারণায়।
তাদের অন্যান্য দাবিগুলো হলো- ১০ বছর ও ১৬ বছরের উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন করা এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি দেওয়া।
শিক্ষকেরা বলছেন, দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেবেন। মহাসমাবেশে অংশ নিয়ে দাবির প্রতি সংহতি প্রকাশ করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শিক্ষক নেতা সেলিম ভূঁইয়া। বর্তমান সরকার এই দাবি পূরণ না করলে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় গেলে এই দাবি পূরণের আশ্বাস দেন তিনি। আরও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও মহাসমাবেশে সংহতি জানানোর কথা রয়েছে।
মহাসমাবেশে অংশ নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, শিক্ষকের কাছে দাবি পূরণ না করা হলে তিনি শিক্ষকের পক্ষে আইনি লড়াই করে দাবি আদায়ের চেষ্টা করবেন। মহাসমাবেশে আরও বক্তব্য দেন সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদদীন মাসুদ।
খবরওয়ালা/শরিফ