পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

খবরওয়ালা অনলাইন মফস্বল ডেস্ক: নরসিংদীর শিবপুরে ‘ডেভিল হান্ট’ অভিযানে গ্রেপ্তার এক ব্যক্তির সাথে কথা বলতে না দেওয়ায় পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতাকে আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে শিবপুর থানা কমপ্লেক্সে হাজতখানার সামনে অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করে পুলিশ।

আটক আবিদ হাসান ওরফে জজ মিয়া শিবপুরের উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ও মাছিমপুর ইউনিয়নের পুবেরগাঁও এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, স্থানীয় আওয়ামী লীগের নেতা ও একাধিক মামলার আসামি জয়নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাদিম সরকার গতকাল সন্ধ্যায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গ্রেপ্তার হন। তাঁকে ছাড়ানোর তদবির করতে দলবল নিয়ে গতকাল রাত ১০টার দিকে থানায় যান আবিদ হাসান। থানাহাজতের সামনে দাঁড়িয়ে গ্রেপ্তার নাদিমের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন তিনি। ‘জেলহাজতে দীর্ঘ সময় এভাবে কথা বলার সুযোগ নেই’ জানিয়ে আবিদকে সেখান থেকে চলে যেতে বলেন কর্তব্যরত কনস্টেবল মো. সবুজ মিয়া। ওই সময় আবিদ উত্তেজিত হয়ে সবুজের গালে থাপ্পড় মারেন।

এ বিষয়ে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, থানায় এসে কর্তব্যরত পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে আবিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন কনস্টেবল সবুজ। ইতিমধ্যে লিখিত অভিযোগ পাওয়া গেছে, মামলা হওয়ার পর তাঁকে আদালতে পাঠানো হবে।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।