খুলনায় যাত্রীবাহী একটি ট্রলার ঘাটে ভিড়ানোর সময় পন্টুনে ধাক্কা লেগে দুইজন নিখোঁজ হয়েছেন। রোববার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে পূর্ব রূপসা ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পশ্চিম রূপসা ঘাট থেকে অতিরিক্ত যাত্রী বোঝাই করে একটি ট্রলার পূর্ব রূপসার দিকে যাচ্ছিল। ঘাটে পৌঁছানোর আগমুহূর্তে মাঝি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, ফলে ট্রলারটি জোরে পন্টুনে ধাক্কা খায়। এতে বেশ কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান। অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও দুজন নিখোঁজ রয়েছেন।
নিখোঁজদের একজন রূপসা উপজেলার তালিমপুর গ্রামের বাসিন্দা ও সন্ধানী ক্লিনিকের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিদুল হক মিঠু (৪০)। অপর নিখোঁজ যাত্রী একজন নারী, যার পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
ট্রলারের যাত্রী ও সন্ধানী ক্লিনিকের আইটি কর্মকর্তা নাজমুল হাসান জানান, “ট্রলারে অতিরিক্ত যাত্রী ছিল। ঘাটে পৌঁছানোর সময় মাঝি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ধাক্কার পর অনেকেই নদীতে পড়ে যান। তবে মহিদুল ভাই সাঁতরে উঠতে পারেননি।”
ঘটনার পরপরই নৌবাহিনী, কোস্টগার্ড ও নৌ পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে।



