খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
ফেনীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে ফেনী সদর উপজেলার ফতেহপুর ও শর্শদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাঙামাটি সদর থানার বাগাইছড়ি ইউনিয়নের খেদারছড়া গ্রামের মনিময় চাকমার ছেলে জিকেন চাকমা (২০)। অন্যজনের পরিচয় জানা যায়নি।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ৯টার দিকে খবর পেয়ে ফতেহপুর রেলক্রসিং এলাকা থেকে জিকেন চাকমার লাশ উদ্ধার করা হয়। রেললাইনে হাঁটতে গিয়ে অসাবধানতাবশত তিনি ট্রেনে কাটা পড়েন। এর আগে দুপুরে শর্শদী ও গুণবতী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবক নিহত হন।
এ বিষয়ে ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান বলেন, কোন ট্রেনে কাটা পড়ে এসব দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
খবরওয়ালা/এমইউ