নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রবাসীদের মারধর ও চাঁদাবাজির অভিযোগে ১২ হিজড়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের ফজুর বাড়ির মোড় ও কাঞ্চন পৌরসভার হাবিব নগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে রূপগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার আইঘরটেকপাড়া এলাকার কাজলী, মায়ের বাড়ি খালপাড় এলাকার ইমন, কোহেলী হিজড়া, আলী শাহ, সিনহা, মিম, মৌ, টুনি, নিশি আক্তার, চামেলী, নাতাশা ও মালা।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের শহিদ ফারহান ফাইয়াজ সেতু, কাঞ্চন ব্রিজ ও ফজুর বাড়ি মোড় এলাকায় সাধারণ মানুষকে হয়রানি করা হিজড়াদের বিরুদ্ধে এবার অভিযান নেওয়া হয়েছে। ওসি বলেন, এ পর্যন্ত মানবিক দিক বিবেচনা করে তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।
তবে গত ১৫ সেপ্টেম্বর হিজড়ারা চাঁদা না দেওয়ায় প্রবাসীদের গাড়ি আটকিয়ে মারধর করে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ফজুর বাড়ি মোড় ও কাঞ্চন ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে এবং তারা নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হবে।
খবরওয়ালা/শরিফ



