প্রবাসী রাশেদের ভাগ্য খুলল, বিগ টিকিটে জিতলেন লাখ দিরহাম

১৯ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছেন বাংলাদেশের মোহাম্মদ রাশেদ (৪৯)। দীর্ঘদিনের প্রবাসজীবনে চার বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে একটি ভিডিওর মাধ্যমে প্রথম জানতে পারেন আবুধাবির বিগ টিকিট লটারির কথা। এরপর থেকে তিনি নিয়মিত লটারির টিকিট কিনতে শুরু করেন।

অবশেষে সেই লটারিতেই মিলল সৌভাগ্য। বিগ টিকিটের ২৭৮ সিরিজের ড্রতে রাশেদ জিতেছেন ১ লাখ দিরহাম। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৩ লাখ ১৪ হাজার টাকা। তিনি ছয়জন ভাগ্যবান বিজয়ীর মধ্যে একজন, যারা মোট ৬ লাখ দিরহামের সান্ত্বনা পুরস্কার জিতেছেন।

রাশেদ বলেন, ‘আমি আর আমার বন্ধুরা ভিডিওগুলো দেখতাম। এরপর আমরা নিজেদের ভাগ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নিই।’

চার বছর আগে শুরু হওয়া সেই উদ্যোগে ১০ বন্ধু মিলে প্রতি মাসে টাকা জমিয়ে একটি করে টিকিট কিনতে থাকেন তারা। এবার ভাগ্য খুলল রাশেদের। ফোনে যখন তাঁকে বিজয়ের খবর জানানো হয়, তিনি আনন্দে আত্মহারা হয়ে পড়েন।

রাশেদ বলেন, ‘আমি সব সময় বিশ্বাস করতাম, একদিন আমার সুযোগ আসবেই।’ তিনি আরও জানান, পুরস্কারের অর্থ ১০ বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করা হবে। নিজের অংশ দিয়ে কী করবেন, তা এখনো নির্ধারণ না করলেও কিছু টাকা পরিবারে পাঠাবেন এবং বাকিটা দিয়ে ঋণ শোধ করার পরিকল্পনা করেছেন।

তবে এখানেই থেমে থাকেননি রাশেদ ও তাঁর বন্ধুরা। ইতোমধ্যে আবারও টিকিট কিনেছেন তারা। নতুন ড্রয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সবাই। রাশেদ বলেন, ‘আমি ও আমার বন্ধুরা এরই মধ্যে আবার টিকিট কিনে ফেলেছি। আমি সবাইকে বিগ টিকিটে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করি।’

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।