প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে নজর থাকবে যে ৫ তারকার ওপর

উত্তেজনা আর রোমাঞ্চের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে ইংলিশ ফুটবলের সবচেয়ে জনপ্রিয় আসর প্রিমিয়ার লিগের নতুন মৌসুম (২০২৬-২৭)। শিরোপার মসনদে ওঠার হাড্ডাহাড্ডি লড়াইয়ের পাশাপাশি এবার ফুটবলপ্রেমীদের আলোচনার তুঙ্গে রয়েছে বড় অঙ্কের বেশ কয়েকটি দলবদল। গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে চড়া দামে নতুন ক্লাবে যোগ দেওয়া একাধিক তারকার পারফরম্যান্স কেমন হয়, তা ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। বড় ট্রান্সফার ফি, নতুন ড্রেসিংরুম এবং দলের গুরুত্বপূর্ণ দায়িত্বের কারণে প্রিমিয়ার লিগের এ মৌসুমে বিশেষ নজরে থাকবেন পাঁচ ফুটবলার।
মর্গান রজার্স — চেলসি
অ্যাস্টন ভিলা থেকে রেকর্ড ১১ কোটি ৭০ লাখ পাউন্ডে চেলসিতে যোগ দিয়েছেন ২৪ বছর বয়সি ইংলিশ মিডফিল্ডার মর্গান রজার্স। নতুন কোচ জাবি আলোনসোর অধীনে ব্লুজদের পুনর্গঠনে বড় ভূমিকা রাখার দায়িত্ব এখন তাঁর কাঁধে। গত মৌসুমে চেলসি টেবিলের দশম স্থানে থেকে হতাশাজনকভাবে অভিযান শেষ করেছিল। সেই ধাক্কা কাটিয়ে চেলসিকে শিরোপার লড়াইয়ে ফেরাতে রজার্সের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্ট্যামফোর্ড ব্রিজে তাঁর জাতীয় দলের বন্ধু কোল পালমার রয়েছেন, যা তাঁর দ্রুত দল গঠনে সহায়তা করবে। তবে একই কৌশলে রজার্স ও পালমারকে আলোনসো কীভাবে মাঠে একসঙ্গে ব্যবহার করেন, সেটাই দেখার বিষয়।
এলিয়ট অ্যান্ডারসন — ম্যানচেস্টার সিটি
রজার্স চেলসিতে সই করার আগে অল্প সময়ের জন্য ব্রিটেনের সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন ২৩ বছর বয়সি এলিয়ট অ্যান্ডারসন। নটিংহাম ফরেস্ট থেকে ১১ কোটি ৬০ লাখ পাউন্ড খরচে এই মিডফিল্ডারকে ড্রেসিংরুমে এনেছে ম্যানচেস্টার সিটি। দলের মাঝমাঠের প্রধান দুই স্তম্ভ রদ্রি ও বার্নার্দো সিলভা ক্লাব ছাড়ায় সিটিজুড়ে তৈরি হয়েছিল বিশাল শূন্যতা। পজিশনিং, নিখুঁত পাসিং এবং চাপের মুখে ঠান্ডা মাথায় খেলার দক্ষতার কারণেই অ্যান্ডারসনের পেছনে বড় অঙ্কের অর্থ ঢেলেছে সিটি। টানা দুই মৌসুম প্রিমিয়ার লিগ হাতছাড়া হওয়া সিটি এবার আর্সেনালের কাছ থেকে ট্রফি পুনরুদ্ধার করতে মুখিয়ে আছে।
ব্রুনো গিমারায়েস — আর্সেনাল
রজার্স হাতছাড়া হলেও নিজেদের মিডফিল্ড শক্তিশালী করতে ভুল করেনি বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল। নিউক্যাসল থেকে ব্রাজিলিয়ান তারকা ব্রুনো গিমারায়েসকে ড্রেসিংরুমে আনতে ৭ কোটি ৫০ লাখ পাউন্ড গুনেছে গানার্সরা। মিকেল আর্তেতার কৌশলে মাঝমাঠে ডেক্লান রাইস ও মার্টিন ওডেগার্ডের পাশাপাশি গিমারায়েস যুক্ত হওয়ায় আর্সেনালের মধ্যভাগ আরও সুসংগঠিত হলো। অনুশীলন ও প্রস্তুতিমূলক খেলায় সতীর্থদের সঙ্গে গিমারায়েসের দ্রুত মানিয়ে নেওয়ায় দারুণ সন্তুষ্ট অধিনায়ক ওডেগার্ড।
সান্দ্রো টোনালি — টটেনহ্যাম
নিউক্যাসল ছেড়ে টটেনহ্যামে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিতে সান্দ্রো টোনালির সময় লেগেছিল মাত্র ১০ মিনিট। এবার সেই সিদ্ধান্তের যথার্থতা মাঠের পারফরম্যান্সে প্রমাণের পালা এই ২৬ বছর বয়সি ইতালিয়ান মিডফিল্ডারের। নিউক্যাসলের হয়ে ওয়ার্করেট ও বল নিয়ন্ত্রণে নজর কাড়া টোনালি এবার স্পার্সদের প্রকল্পে কোচ রবার্তো ডি জারবির অন্যতম প্রধান অস্ত্র। রেলিগেশন বাঁচানোর লড়াই পেরিয়ে টটেনহ্যাম এবার ঘুরে দাঁড়াতে চায়। তবে বড় দলবদল ফির কারণে প্রত্যাশার যে বাড়তি চাপ তৈরি হয়েছে, তা নিজেই স্বীকার করেছেন টোনালি।
জেরেমি জ্যাকে — লিভারপুল
রক্ষণভাগের দীর্ঘদিনের দুর্বলতা কাটিয়ে তুলতে ২১ বছর বয়সি ফরাসি সেন্টার-ব্যাক জেরেমি জ্যাকেকে দলে ভিড়িয়েছে লিভারপুল। রেনে থেকে প্রায় ৬ কোটি পাউন্ডে অ্যানফিল্ডে আসা এই তরুণকে শুরুতেই সামলাতে হবে বড় দায়িত্ব। অভিজ্ঞ অধিনায়ক ভার্জিল ফন ডাইকের বয়স এখন ৩৫ ছুয়েছে, তার ওপর ইব্রাহিমা কোনাতে রিয়াল মাদ্রিদে এবং অ্যান্ড্রু রবার্টসন টটেনহ্যামে পাড়ি জমানোয় নতুন সমীকরণ তৈরি হয়েছে লিভারপুল রক্ষণে। ফন ডাইকের সঙ্গে জ্যাকে কত দ্রুত রক্ষণভাগে রসায়ন গড়ে তুলতে পারেন, তার ওপর নির্ভর করবে অলরেডদের চলতি মৌসুমের সাফল্য।
Tags :

Shakib

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর