ফরিদপুরের সালথায় ঈদ উপলক্ষে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে গোসল নেমে পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১১টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামের মতিয়ার মাতুব্বরের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
মৃত ওই দুই শিশুর নাম তানহা ইসলাম (৭) ও আবু তালহা (৫)। শিশু দুটি জেলার মধুখালি উপজেলার নড়িয়া জামালপুর গ্রামের সুমন শেখের সন্তান। তাদের পানি থেকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিলা আজাদ দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
ওই দুই শিশু তার মায়ের সাথে শিশুর বাবার নানা বাড়ি মধুখালী উপজেলার জামালপুর গ্রামে বসবাস করে।
পারিবারিক ও এলাকা সূত্রে জানা যায়, তানহা ও আবু তালহা বুধবার (১১ জুন) তার মায়ের সাথে নানা বাড়ি সালথা উপজেলার বাহিরদিয়া গ্রামের মতিয়ার মাতুব্বরের বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শিশু দুটি নানা বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। অনেক সময় পার হলেও শিশু ফিরে না আসায় সকলে খোঁজাখুঁজি শুরু করে। পুকুর থেকে শিশু দুটিকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করে।
জরুরি বিভাগের কর্তব্যরত ডা. শাকিলা আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিশু দুজনকে হাসপাতালে আনার আগেই মারা গেছে। তারপরও ইসিজি করে কনফার্ম হয়ে মৃত ঘোষণা করা হয়।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামকান্তপুর ইউনিয়নের চেয়ারম্যান ইশারত হোসেন বলেন, শিশু দুটি আপন ভাইবোন। মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে। পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খবরওয়ালা/এসআর



