ফরিদপুরে পদ্মায় ব্লকে বাঁধা নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

ফরিদপুরের পদ্মা নদী থেকে সিমেন্টের ব্লক ও ইট দিয়ে বাঁধা অবস্থায় আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের কবিরপুর সংলগ্ন পদ্মা নদীর তীর থেকে লাশটি উদ্ধার করে সিএন্ডবি ঘাট নৌ ফাঁড়ি পুলিশ।
এর আগে একই দিন সকাল ৭টার দিকে ডিক্রিরচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় নদীর পানিতে ভাসমান অবস্থায় একটি দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। নদীর একপাশে আটকে থাকা পচাগলা দেহটি দেখে তাঁদের সন্দেহ হলে তৎক্ষণাৎ স্থানীয় সিএন্ডবি ঘাট নৌ ফাঁড়ি পুলিশকে খবর দেওয়া হয়।
ঘটনাস্থলে গিয়ে নৌ পুলিশের একটি দল তল্লাশি শুরু করে। সিএন্ডবি ঘাট নৌ পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার করা নারীর পরনে ছিল একটি ম্যাক্সি ও ওড়না। তবে মৃতদেহের বুক ও কোমরসংলগ্ন ওড়নার সঙ্গে সিমেন্টের একটি ভারী ব্লক ও কয়েকটি ইট রশি দিয়ে শক্ত করে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, লাশটি যেন ভেসে না ওঠে সে জন্যই এমন ভারী বস্তুর সঙ্গে বাঁধ দেওয়া হয়েছিল।
খবর পেয়ে ঘটনার আলামত সংগ্রহে তাৎক্ষণিকভাবে উপস্থিত হন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বিশেষজ্ঞ সদস্যরা। তদন্তকারী দল লাশের আঙুলের ছাপ নেওয়ার চেষ্টা করলেও দীর্ঘ সময় পানিতে থাকার কারণে হাত-পায়ের চামড়া পচে ওঠায় বায়োমেট্রিক পদ্ধতিতে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ফলে এখন পর্যন্ত নিহত নারীর সঠিক নাম-পরিচয় মেলেনি।
ঘটনার তদন্ত ও প্রাথমিক সুরতহাল বিষয়ে সিএন্ডবি ঘাট নৌ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তপন কুমার সাহা জানান, আলামত ও লাশের অবস্থা দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে অন্তত এক সপ্তাহ আগে এই হত্যাকাঞ্ছ সংঘটিত হয়েছে। দুর্বৃত্তরা সুপরিকল্পিতভাবে ওই নারীকে হত্যা করার পর গুম করার উদ্দেশ্যে ভারী ব্লক ও ইট বেঁধে নদীর পানিতে ডুবিয়ে দিয়েছিল। দীর্ঘদিন পানির নিচে থাকলেও লাশ পচে ফুলে ওঠায় একপর্যায়ে তা ভেসে ওঠে এবং ব্লকের ভারেই নদীর কূলে এসে আটকে যায়।
উদ্ধার করা লাশটির ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চিকিৎসকের প্রতিবেদন ও ময়নাতদন্তের ফলাফলের ভিত্তিতেই জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ। এই নির্মম ঘটনায় নৌ পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে এবং নিহতের পরিচয় উদ্ধারে পার্শ্ববর্তী থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে।
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।