খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ মার্চ ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: মন্দির লক্ষ্য করে কুকি জঙ্গিদের হামলার ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠছে মণিপুর। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মেইতেইদের পবিত্র স্থান ‘কংবা মারু’তে যাওয়ার পর এই হামলা ঘটে। এ সময় গুলি চালানো হয়।
গত বৃহস্পতিবার মণিপুরের সশস্ত্র মেইতেই গোষ্ঠী নিরাপত্তা বাহিনীর কাছে স্বেচ্ছায় ২৪৬টি অস্ত্র সমর্পণ করেছিল। এর একদিনের মাথায় গুলির এই ঘটনা ঘটে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, মেইতেইদের পবিত্র স্থানে একটি দল ভক্ত নিরাপত্তা বাহিনীর সুরক্ষায় উপস্থিত ছিলেন। তখন নিকটবর্তী পাহাড় থেকে তাদের লক্ষ্য করে মোট সাত রাউন্ড গুলি চালানো হয়। এরপর ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়।
গুলির ঘটনা ঘটার পর আশপাশের গ্রাম থেকে বাসিন্দারা রাস্তায় বেরিয়ে প্রতিবাদ জানান। বেশ কিছু সময় তারা সড়ক অবরোধ করেন। শান্তি ফিরিয়ে আনতে এবং মেইতেই সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে পাহাড়ে থাকা বাঙ্কারগুলো ভেঙে দেওয়ার দাবি জানানো হয়।
এদিকে, মণিপুরে লুট করা ও অবৈধ অস্ত্রশস্ত্র সমর্পণের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ৬ মার্চ বিকেল ৪টা পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।
এদিকে, মণিপুরে ২০২৩ সালের মে মাস থেকে ধারাবাহিক সংঘাত চলছে। রাজ্যের আধা সামরিক বাহিনী ও পুলিশের অস্ত্রাগার লুট করে প্রায় ৬ হাজার অস্ত্র নিয়ে যায় বিদ্রোহীরা। এরপর থেকে উগ্রপন্থীদের হামলায় বহু মানুষ প্রাণ হারিয়েছে। এ পর্যন্ত ২৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং বেশ কয়েকটি মন্দির ভাঙচুর করা হয়েছে।
খবরওয়ালা/জেআর