অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের নয়াপাড়া গ্রামে শনিবার (১৮ অক্টোবর) সকালে মো. সাখারুল মিয়া নামের এক ব্যক্তির বাড়ি থেকে ১০টি ডিম ও ১১টি পদ্মগোখরো সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, সকাল ৯টার দিকে এই উদ্ধার অভিযান সম্পন্ন হয়। এর আগে, ১৬ ও ১৭ অক্টোবর একই বাড়ি থেকে আরও ৩টি সাপের বাচ্চা মেরে ফেলা হয়েছিল। এছাড়া দুই সপ্তাহ আগে বাড়ির আশপাশ থেকে স্থানীয়রা একটি বড় বিষধর পদ্মগোখরো সাপও মেরে ফেলে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাড়ির স্বয়ংকক্ষে (শয়নকক্ষ) এখনো আরও সাপ থাকতে পারে। বাড়ির ২ বছরের শিশু সন্তান প্রথমে সাপ দেখে ভয় পেয়ে চিৎকার করলে মা, বাবা ও দাদি ঘটনাস্থলে গিয়ে বিছানার চাদরের নিচে সাপের বাচ্চাগুলো দেখতে পান।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও কৌতূহল সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে সাপ ধরায় অভিজ্ঞ জীবন সরকার সাপুড়িয়া ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেন। বর্তমানে বাড়িটি ঘিরে স্থানীয়রা সতর্ক অবস্থানে রয়েছেন।