বগুড়ায় সেনাবাহিনীর ফাঁদে ধরা ‘চাকরি ব্যবসায়ী’ প্রতারকচক্রের দুই সদস্য

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৩ মে) দিবাগত রাতে শহরের টিনপট্টি ও শাকপালা এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার হওয়া দুইজন হলেন শাকপালা এলাকার তাহের আলী রঞ্জু (৪০) ও বায়েজিদ মিয়া (৩৮)। এ সময় সেনাবাহিনীতে চাকরির আশায় আসা শিবগঞ্জের মোকামতলা এলাকার তরুণ সাকিব মিয়াকে (১৮) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর গোপন তথ্যের ভিত্তিতে শহরের টিনপট্টি এলাকার একটি বহুতল ভবনের ফ্ল্যাটে প্রথমে অভিযান চালানো হয়। অভিযানে বায়েজিদকে হাতেনাতে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে শাকপালা এলাকা থেকে চক্রের অন্যতম হোতা তাহের আলী রঞ্জুকে গ্রেপ্তার করা হয়।

অভিযান চলাকালে সাতজন চাকরিপ্রত্যাশীর মূল এইচএসসি সনদপত্র, চারটি ব্যাংক চেক এবং ১৪টি স্বাক্ষরকৃত ফাঁকা স্ট্যাম্প উদ্ধার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন জানে আলম সাদিফ বলেন, ‘এই চক্রটি দীর্ঘদিন ধরে সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীতে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ আদায় করত। কেউ নিজের যোগ্যতায় চাকরি পেলেও তারা কৃতিত্ব দাবি করে টাকা হাতিয়ে নিত।’

তিনি আরও জানান, পুলিশ কনস্টেবল ও সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ প্রক্রিয়ায় অন্তত পাঁচজনের সঙ্গে তারা প্রতারণা করেছে। তবে কেউই নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। গ্রেপ্তারদের বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।