খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 10শে অগ্রহায়ণ ১৪৩২ | ২৪ই নভেম্বর ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
বগুড়ার শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। গতকাল রবিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও একজন আহত হন।
নিহতরা হলেন গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর এলাকার মেহেদী হাসান (২০) ও শেরপুর পৌরসভার গোঁসাইপাড়া মহল্লার সাহাবুল হাসান (২০)। আহত হয়েছেন একই এলাকার উৎসব চক্রবর্তী (২০)।
প্রত্যক্ষদর্শী দুই ব্যক্তি জানান, তিন বন্ধু একটি মোটরসাইকেলে রামেশ্বরপুরের দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলচালক নিয়ন্ত্রণ হারালে যানটি রাস্তার পাশের একটি দোকানের শাটারে ধাক্কা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, মেহেদী হাসান ও সাহাবুল হাসান গুরুতর জখম হন এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত উৎসব চক্রবর্তী স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। তিনজনই বন্ধু ছিলেন। মোটরসাইকেলের চালক ছিলেন সাহাবুল হাসান।
আহত উৎসব চক্রবর্তী বলেন, গতকাল রাতে মেহেদীকে বাড়িতে পৌঁছে দিতে যাওয়ার সময় অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর কারণে দুর্ঘটনাটি ঘটে। তিনজনই এ বছর এইচএসসি পাস করেছেন।
বগুড়া সদর থানার ছিলিমপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) লাল মিয়া গণমাধ্যমকে বলেন, গতকাল রাত ১০টা থেকে সোয়া ১০টার মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাহাবুল ও মেহেদী মারা যান।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, আইনগত প্রক্রিয়া শেষে দুজনের লাশ পরিবারকে হস্তান্তর করা হবে।
খবরওয়ালা/টিএসএন