খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৬ই আগস্ট ২০২৬, ১১:৫০ পিএম
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক হওয়া দুই তরুণীকে ছয় মাস আগের সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার হওয়া এই দুই তরুণী হলেন জান্নাতুল ফেরদৌস ওরফে জান্নাত (২১) এবং সুমা বড়াল ওরফে ডলি (২৯)।
রোববার (১৬ আগস্ট) ধানমন্ডি থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আবু সোলাইমান সুমন এই দুই তরুণীকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন। তদন্ত কর্মকর্তা তাঁদের জামিন না দিয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন জানান। পরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত উভয় পক্ষের শুনানি শেষে তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আবুল বাশার আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ধানমন্ডির ৩ নম্বর সড়কে সরকারবিরোধী মিছিলের প্রস্তুতির অভিযোগে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি সন্ত্রাসবিরোধী আইনে এই মামলাটি দায়ের করেছিল ধানমন্ডি থানা পুলিশ। এজাহারের তথ্যানুযায়ী, ২৭ ফেব্রুয়ারি ভোর সোয়া ছয়টার দিকে মহিলা আওয়ামী লীগের ২০ থেকে ২৫ জন সদস্য ধানমন্ডির ৩ নম্বর রোডে প্ল্যাকার্ড হাতে মিছিলের উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন পালিয়ে গেলেও তাৎক্ষণিকভাবে কয়েকজনকে আটক করা হয়। পুলিশের দাবি, সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের উদ্দেশে তাঁরা সেখানে সমবেত হয়েছিলেন।
১৫ আগস্ট শোক দিবসে ধানমন্ডি ৩২ নম্বরের স্মৃতিসৌধ প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন করতে গেলে এই দুই তরুণীকে পুলিশ আটক করে। পরবর্তীতে ছয় মাস আগে করা সেই পুরনো মামলায় অজ্ঞাতনামা বা জড়িত সন্দেহভাজন হিসেবে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
আদালতে শুনানিকালে জান্নাতুল ফেরদৌসের পক্ষে আইনজীবী গাজী ফয়সাল ইসলাম এবং সুমা বড়ালের পক্ষে আইনজীবী লিটন মিয়া জামিনের স্বপক্ষে যুক্তি উপস্থাপন করেন। শুনানি শেষে আইনজীবী লিটন মিয়া সাংবাদিকদের জানান, চলতি বছরের ফেব্রেুয়ারি মাসে দায়ের করা এই মামলার মূল এজাহারে তাঁর মক্কেলদের কোনো নাম ছিল না। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে নতুন করে আটক করে তাঁদের এই পুরনো মামলায় জড়ানো হয়েছে।
আইনজীবীরা জানান, জামিন বাতিল হওয়ায় এখন তাঁরা উচ্চতর আদালতে আসামিদের জামিনের জন্য আবেদন করার প্রস্তুত নিচ্ছেন। অন্যদিকে, ডেমরা ও ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন প্রয়োগকারী সংস্থা অতিরিক্ত পুলিশ মোতায়েন রেখে সার্বিক নিরাপত্তার ওপর কড়া নজরদারি চালাচ্ছে।
মন্তব্য