খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ই মে ২০২৫, ৮:৫৮ পিএম
সারা দেশে তাপপ্রবাহের মধ্যে কিছুটা স্বস্তির বার্তা নিয়ে আসছে বজ্রসহ বৃষ্টি। আগামী কয়েকদিন দেশের বিভিন্ন বিভাগে দমকা হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানো এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি কিছু এলাকায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
সোমবার (১২ মে) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও হতে পারে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। বর্তমানে গোপালগঞ্জ, পটুয়াখালী ও কক্সবাজারসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
পরবর্তী চারদিনের পূর্বাভাস অনুযায়ী—
মঙ্গলবার (১৩ মে): ময়মনসিংহ, সিলেট, রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য স্থানে আবহাওয়া থাকবে মূলত শুষ্ক এবং আংশিক মেঘলা।
বুধবার (১৪ মে): দেশের উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। থাকবে দমকা হাওয়া এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা।
বৃহস্পতিবার (১৫ মে): একই প্রবণতা থাকবে। ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে বজ্রবৃষ্টি হতে পারে।
শুক্রবার (১৬ মে): দেশের প্রায় সব বিভাগে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, আগামী পাঁচদিনে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ফলে চলমান গরমের মাঝে কিছুটা হলেও স্বস্তি আসবে জনজীবনে।
খবরওয়ালা/আরডি
মন্তব্য