বনানীতে যুবককে ছুরিকাঘাতে হত্যা: গ্রেপ্তার প্রধান দুই আসামি

রাজধানীর বনানীর একটি সিসা লাউঞ্জে রাহাত হোসেন রাব্বি (৩১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার চাঞ্চল্যকর ঘটনার প্রধান দুই আসামিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার।

এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোর ৫টার দিকে বনানী ১১ নম্বর রোডের ১০০ নম্বর ভবনের দোতলায় সিসা বারের বাইরে রাব্বিকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা।

নিহত রাব্বি মহাখালী এলাকার রবিউল আলম হাজারীর ছেলে। তিনি মহাখালী হাজারীবাড়ি এলাকায় ইন্টারনেটের ব্যবসা করতেন।

বনানী থানার ওসি রাসেল সারোয়ার জানান, বনানীর ‘৩৬০ ডিগ্রি’ নামে সিসা বারের দ্বিতীয় তলার সিঁড়িতে রাব্বির পায়ে ছুরিকাঘাত করে তাঁর পূর্বপরিচিত কয়েক যুবক। গুরুতর অবস্থায় রাব্বিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, ‘৩৬০ ডিগ্রি সিসা বার’ থেকে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বের হচ্ছেন সাদা শার্ট ও কালো প্যান্ট পরা রাব্বি। তাঁর পেছনে ছিল চেক শার্ট ও কালো প্যান্ট পরা আরেক যুবক। এর পর একে একে আরও দুই যুবক বের হয়। ভবনের দোতলার সিঁড়ির মুখে দাঁড়িয়ে তাদের মধ্যে কী নিয়ে যেন তর্ক হয়। একটু পর আরেক যুবককে সিসা বার থেকে নামতে দেখা যায়। উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে রাব্বিকে অন্য যুবকরা এলোপাতাড়ি ছুরিকাঘাত ও মারধর শুরু করে। এ সময় রাব্বি আত্মরক্ষার্থে হাত বাড়িয়ে প্রতিরোধের চেষ্টা করেন। এর মধ্যে পায়জামা-পাঞ্জাবি পরা এক যুবক তাঁকে ছুরিকাঘাত করতে থাকে। কালো টি-শার্ট ও প্যান্ট পরা এক যুবক (তাঁর নাম খোকন) বাধা দিতে এগিয়ে এলে তিনিও হামলার শিকার হন। পরে ঘটনাস্থল থেকে সটকে পড়ে হামলাকারীরা। ততক্ষণে লিফটের সামনের ফ্লোর রাব্বির রক্তে ভেসে যায়। এ সময় সঙ্গে থাকা খোকন এগিয়ে এসে ধরলে ফ্লোরে লুটিয়ে পড়েন রাব্বি। পরে কয়েকজন ধরাধরি করে তাঁকে নিচে নামিয়ে আনেন।

পুলিশ সূত্র জানায়, হামলাকারীরা রাব্বির পূর্বপরিচিত। রাব্বির সঙ্গেই চারজন সিসা বার থেকে নামে আর দু-তিনজন সিঁড়িতে ওত পেতে ছিল। এই ঘটনার পেছনে কোনো ব্যবসায়িক দ্বন্দ্ব আছে কিনা, তার তদন্ত চলছে।

ওসি রাসেল সারওয়ার বলেন, ভোরে সিসা বারের দ্বিতীয় তলার সিঁড়িতে হামলার খবর পেয়ে পুলিশ যায়। তবে তার আগেই রাব্বি নামে ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাব্বির মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।