‘বাংলাদেশকেই ঠিক করতে হবে তারা ভারতের সঙ্গে কী ধরনের সম্পর্ক চায়’

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ‘বাংলাদেশের নিজস্ব রাজনীতি আছে। কিন্তু দিন শেষে আমরা প্রতিবেশী। বাংলাদেশকেই ঠিক করতে হবে তারা ভারতের সঙ্গে কী ধরনের সম্পর্ক চায় বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার (২২ ফেব্রুয়ারি) দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাহিত্য উৎসবের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে জয়শঙ্কর বলেন, ‘বাংলাদেশের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে দুটি বিষয় রয়েছে। সংখ্যালঘুদের ওপর নির্যাতন বেড়ে যাওয়া। অবশ্যই এটি এমন একটি বিষয় যা বাংলাদেশের ক্ষেত্রে আমাদের চিন্তা নিয়ে প্রভাব ফেলছে। এটি নিয়ে আমাদের কথা বলতে হবে। আমরা কথা বলেছিও।’

তিনি আরো বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কেউ কেউ প্রতিদিন ভারতকে সবকিছুর জন্য দায়ী করে। প্রতিবেদনে দেখবেন কিছু বিষয়ে আমাদের দোষারোপ করা হয়েছে, যা হাস্যকর। আপনি এক হাতে বলতে পারেন না, আমি আপনার সাথে এখন ভালো সম্পর্ক চাই। কিন্তু প্রতিদিন সকালে উঠে, যা কিছু ভুল হবে, তার জন্য আমাকে দায়ী করবেন। এটিও একটি সিদ্ধান্ত যা তাদের নিতে হবে।’

বাংলাদেশকে ভারতের চিন্তাভাবনা স্পষ্ট করে জানানো হয়েছে উল্লেখ করে জয়শঙ্কর বলেন, ‘আমরা চাই সবকিছু শান্ত হোক এবং সাধারণ দ্বিপাক্ষিক সম্পর্ক আবারও শুরু হোক। কিন্তু অব্যাহতভাবে শত্রুতাপূর্ণ বার্তা নিয়ে আমরা অখুশি।’

গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে ভারতের নয়াদিল্লিতে আশ্রয় নেন। এরপর থেকেই ভারত অভিযোগ করছে, বাংলাদেশে সংখ্যালঘুরা ব্যাপক নির্যাতনের শিকার হচ্ছে। কিন্তু বাস্তবে এর কোনো মিল নেই। যা জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা নিশ্চিত করেছে।
পালিয়ে থেকেও দিল্লির কোনো এক অজ্ঞাত স্থান থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন শেখ হাসিনা। যা দলটি সামাজিক মাধ্যমে প্রকাশ করছে। হাসিনার এসব বক্তব্য ভালোভাবে নিচ্ছেন না সাধারণ মানুষ। এ কারণে তাকে চুপ রাখতে ভারতকে বার্তা দিয়েছে অন্তর্বর্তী সরকার।

খবরওয়ালা/টিএ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।