বাকৃবির গবেষণা প্রকল্পের খামার থেকে ১৪ ভেড়া চুরি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-বাকৃবি’র গবেষণা প্রকল্পের খামার থেকে উন্নত জাতের ১৪টি ভেড়া চুরি হয়েছে। ভেড়াগুলো ‘দরপার’ ও ‘গাড়ল’ জাতের ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার মধ্যে মাৎস্যবিজ্ঞান অনুষদের গেইটের পাশের ওই খামারে চুরির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ফরিদা ইয়াসমিন বারি, যিনি গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. নাজমুল ইসলাম জানান, ঘটনার সময় খামারের নিরাপত্তার দায়িত্বে কেউ ছিলেন না।

চুরির ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বড় ধরনের ক্ষতি হয়েছে দাবি করে অধ্যাপক ফরিদা ইয়াসমিন বারি বলেন, ‘দরপার ও গাড়ল জাতের ভেড়াগুলো চর ও হাওর এলাকায় সুপরিচিত। বর্তমানে তিনটি প্রজনন প্রকল্প এবং দুটি গবেষণা প্রকল্প চলমান ছিল। প্রতিটি ভেড়ার ওজন ৩০ থেকে ৪০ কেজি। ১৪টি ভেড়া চুরি গেছে; সেখানে এখন মাত্র দুই থেকে তিনটি ভেড়া আছে। এর আগে রেল দুর্ঘটনায় ২০টি ভেড়া মারা গিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘অনেক পরিশ্রম করে এই ‘নিউক্লিয়ার স্লট’ গড়ে তুলেছি; যার জন্য আমি গোল্ড মেডেল অর্জন করেছিলাম। ২০১১ সাল থেকে গবেষণা চলমান থাকায় এসব ভেড়া থেকে সিমেন সংগ্রহ করে শিক্ষার্থীরা ব্যবহারিক প্রশিক্ষণ পেতেন। চুরির পর শুধুমাত্র আমার ব্যক্তিগত গবেষণা নয় বরং বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণারও মারাত্মক ক্ষতি হয়েছে।’

নিরাপত্তা কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, ‘বুধবার বিকাল ৫টার পর দায়িত্বপ্রাপ্ত দুই কর্মী খামার ত্যাগ করায় রাতে খামারটি সম্পূর্ণ ফাঁকা ছিল। সকালে নিরাপত্তাকর্মীরা এসে দেখতে পান দরজার তালা ভাঙা এবং ভেড়াগুলো নেই।’

তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরিকল্পনাও রয়েছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।