বান্দরবানে সরকারি ব্যবস্থাপনায় থাকা ১৫টি অ্যাম্বুলেন্সের মধ্যে দীর্ঘদিন ধরে ৯টি অকেজো পড়ে আছে। সচল রয়েছে মাত্র ছয়টি। অন্যদিকে, শহরের চারটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কোনোটি নিজস্ব অ্যাম্বুলেন্স পরিচালনা করে না। পৌরসভা ও মা ও শিশুকল্যাণ কেন্দ্রের অ্যাম্বুলেন্সও বিকল থাকায় জরুরি রোগী পরিবহনে সংকট আরও তীব্র হয়েছে। ফলে দুর্গম পাহাড়ি জনপদ থেকে গুরুতর অসুস্থ রোগীদের জেলা সদর কিংবা চট্টগ্রামে নেওয়ার ক্ষেত্রে ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাঁদের স্বজনেরা।
জেলার কয়েক লাখ মানুষের জরুরি চিকিৎসা ও রোগী পরিবহনের জন্য কার্যত সচল ছয়টি সরকারি অ্যাম্বুলেন্সের ওপর নির্ভর করতে হচ্ছে। হৃদরোগ, সড়ক দুর্ঘটনা, প্রসবজনিত জটিলতা কিংবা অন্য কোনো সংকটাপন্ন অবস্থায় দ্রুত হাসপাতালে পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও প্রয়োজনের সময় অ্যাম্বুলেন্স না পাওয়ায় অনেককে বিকল্প যানবাহনে রোগী নিয়ে যেতে হচ্ছে। এতে চিকিৎসা পেতে বিলম্বের পাশাপাশি রোগীর শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।
জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের তথ্য অনুযায়ী, বান্দরবান জেলা সাতটি উপজেলা, সাতটি থানা, দুটি পৌরসভা, ৩৩টি ইউনিয়ন, ৯৬টি মৌজা ও ১ হাজার ৪৮২টি গ্রাম নিয়ে গঠিত। ২০২২ সালের জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী, জেলার ১ লাখ ৬ হাজার ১৫৫টি পরিবারে পাহাড়ি-বাঙালি মিলিয়ে মোট ৪ লাখ ৮১ হাজার ১০৬ জন মানুষের বসবাস। তবে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী, বর্তমানে জেলার জনসংখ্যা সাড়ে ছয় লাখের বেশি।
এত বিপুলসংখ্যক মানুষের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি অ্যাম্বুলেন্স রয়েছে মাত্র ১৫টি। এর মধ্যে নয়টি দীর্ঘদিন ধরে বিকল। সংশ্লিষ্ট দপ্তরগুলোর তথ্য বলছে, বান্দরবান সদর হাসপাতাল, মা ও শিশুকল্যাণ কেন্দ্র, পৌরসভা এবং রুমা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রসহ জেলার সাত উপজেলায় এসব অ্যাম্বুলেন্স রয়েছে। ২০২৪ সাল থেকে নয়টি অ্যাম্বুলেন্স অচল হয়ে পড়ে থাকায় রোগী পরিবহনের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
দুর্গম লামা, রুমা, থানচি, রোয়াংছড়ি ও আলীকদমের মতো পাহাড়ি এলাকাগুলো থেকে গুরুতর অসুস্থ রোগীদের জেলা সদরে নিয়ে আসতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। অনেক ক্ষেত্রে জেলা সদরেও প্রয়োজনীয় চিকিৎসা না থাকায় রোগীদের চট্টগ্রামে পাঠানোর প্রয়োজন পড়ে। এমন পরিস্থিতিতে অ্যাম্বুলেন্সের অভাব রোগী ও তাঁদের পরিবারের জন্য বাড়তি দুর্ভোগ তৈরি করছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বান্দরবানের পাহাড়ি অঞ্চলে যোগাযোগব্যবস্থা এমনিতেই কঠিন। কোথাও সরু পাহাড়ি সড়ক, কোথাও খাড়া ঢাল, আবার কোনো কোনো এলাকায় সড়ক যোগাযোগ না থাকায় দীর্ঘ পথ পায়ে হেঁটে কিংবা ইঞ্জিনচালিত নৌকায় অতিক্রম করতে হয়। এর সঙ্গে অ্যাম্বুলেন্স সংকট যুক্ত হওয়ায় জরুরি মুহূর্তে রোগীকে হাসপাতালে নেওয়া আরও কঠিন হয়ে পড়েছে।
থানচি উপজেলার বাসিন্দা অংচাচিং মারমা বলেন, দুর্গম পাহাড়ি এলাকা থেকে গুরুতর অসুস্থ রোগীকে জেলা সদরের হাসপাতালে পৌঁছাতে চার থেকে পাঁচ ঘণ্টা সময় লাগে। এই দীর্ঘ যাত্রায় জরুরি রোগীর জন্য অ্যাম্বুলেন্স পাওয়া না গেলে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। বাধ্য হয়ে অনেক পরিবার চাঁদের গাড়ি, জিপ কিংবা বাসে রোগী পরিবহন করে। এতে রোগীর শারীরিক কষ্ট বাড়ে, পাশাপাশি পথে কতটা সময় লাগবে, তা নিয়েও অনিশ্চয়তা থাকে।
রোয়াংছড়ি উপজেলার বাসিন্দা ভোষণ জয় তঞ্চঙ্গ্যাও জরুরি রোগী পরিবহনের সংকটের কথা তুলে ধরেন। তিনি জানান, রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের মেরাই পাড়ায় সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ ছয়জন গুরুতর আহত হন। দুর্গম যোগাযোগব্যবস্থা এবং প্রয়োজনীয় যানবাহন ও অ্যাম্বুলেন্সের অভাবে তাঁদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। সময়মতো চিকিৎসা না পাওয়ায় শেষ পর্যন্ত হেডম্যানপাড়ার বাসিন্দা চথোয়াইমং মারমার স্ত্রী হ্লায়ইনু মারমা মারা যান বলে তিনি জানান।
অ্যাম্বুলেন্স না পাওয়ার ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও জানিয়েছেন বান্দরবান পৌর শহরের বাসিন্দা আবু তৈয়ব। তিনি বলেন, গত সপ্তাহে তাঁর বাবা হৃদরোগে আক্রান্ত হলে জরুরি ভিত্তিতে চট্টগ্রামে নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করেন। কিন্তু কোনো অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। শেষ পর্যন্ত চট্টগ্রামের কেরানিহাট থেকে অ্যাম্বুলেন্স এনে বাবাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিতে হয়। এভাবে দূরবর্তী স্থান থেকে অ্যাম্বুলেন্স সংগ্রহ করতে গিয়ে সময় নষ্ট হওয়ায় সংকটাপন্ন রোগীর ক্ষেত্রে ঝুঁকি বেড়ে যায়।
সরকারি অ্যাম্বুলেন্সের বাইরে বিকল্প হিসেবে ব্যবহারের সুযোগ থাকা পৌরসভা ও মা ও শিশুকল্যাণ কেন্দ্রের যান দুটিও দীর্ঘদিন ধরে অচল।
বান্দরবান পৌর প্রশাসক এস এম মনজুরুল হক জানান, পৌরসভার অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন ধরে বিকল রয়েছে। বর্তমানে সেটি মেরামতের কাজ চলছে। তবে রোগী পরিবহনের উপযোগী করে তুলতে আরও সময় লাগবে।
বান্দরবান মা ও শিশুকল্যাণ কেন্দ্রের চিকিৎসক কামরুল মনির রিবন জানান, তাঁদের কেন্দ্রের অ্যাম্বুলেন্সটি ২০২৪ সাল থেকে অকেজো অবস্থায় পড়ে আছে। এটি মেরামতের জন্য জেলা পরিষদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের একাধিকবার জানানো হয়েছে। কিন্তু প্রয়োজনীয় বরাদ্দ না পাওয়ায় এখন পর্যন্ত সংস্কার করা সম্ভব হয়নি।
বান্দরবানের পাহাড়ি জনপদে জরুরি রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স শুধু একটি যানবাহন নয়, অনেক ক্ষেত্রে জীবন বাঁচানোর অন্যতম মাধ্যম। দীর্ঘদিন ধরে সরকারি অ্যাম্বুলেন্স বিকল থাকা, বেসরকারি প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহন না থাকা এবং বিকল্প যানবাহনের ওপর নির্ভরশীলতা জেলার স্বাস্থ্যসেবার দুর্বলতাকে সামনে এনেছে। বিশেষ করে দুর্গম এলাকার রোগীদের জন্য দ্রুত পরিবহন নিশ্চিত করা না গেলে জরুরি চিকিৎসা পাওয়ার সুযোগ আরও সংকুচিত হয়ে পড়বে। সংশ্লিষ্ট যানবাহনগুলো দ্রুত মেরামত ও সচল করা এবং রোগী পরিবহনের সক্ষমতা বাড়ানো এখন স্থানীয় মানুষের অন্যতম দাবি।


