চট্টগ্রামের পটিয়ায় বাবার নতুন কেনা মোটরসাইকেলে চড়ে আনন্দভ্রমণে বেরিয়ে ট্রাকচাপায় পহেলা বড়ুয়া (১০) নামে এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা পহেলার দুই ছোট্ট চাচাতো ভাই গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের কাচাড়িপুকুর পাড় এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত পহেলা বড়ুয়া কোলাগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়া এলাকার বাসিন্দা নন্দন বড়ুয়ার মেয়ে। সে স্থানীয় কোলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। একই দুর্ঘটনায় গুরুতর আহত দুই শিশু হলো পার্থ বড়ুয়া (৭) ও তীর্থ বড়ুয়া (৫)। তারা দুজনই পহেলার চাচাতো ভাই এবং একই প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। আহত পার্থ ওই এলাকার উদয়ন বড়ুয়ার ছেলে এবং তীর্থ ছোটন বড়ুয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নন্দন বড়ুয়া সম্প্রতি একটি নতুন মোটরসাইকেল কেনেন। রোববার বিকেলে নতুন বাইকে মেয়ে পহেলা ও দুই ভাতিজা পার্থ ও তীর্থকে চড়িয়ে ঘুরতে বের হন তিনি। ঘুরে ঘুরে বাড়ি ফেরার পথে সন্ধ্যা ৬টার দিকে কাচাড়িপুকুর পাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাঁচুরিয়ামুখী একটি দ্রুতগতির ঘাতক ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে চাপা দেয়।
ট্রাকচাপায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় ১০ বছরের পহেলা বড়ুয়া। অন্যদিকে সঙ্গে থাকা দুই শিশু পার্থ ও তীর্থ গুরুতর জখম হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয় আশপাশের বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহত দুই শিশুকে উদ্ধার করে চিকিৎসায় পাঠান। আহতদের প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় তীর্থ বড়ুয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং পার্থ বড়ুয়াকে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকার পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, দুজনের অবস্থাই বর্তমানে বেশ সংকটজনক।
যে শিশুটি কিছুক্ষণ আগেও নতুন বাইকে বাবার পেছনে বসে হাসিমুখে ঘুরছিল, মুহূর্তের ব্যবধানে তার এমন মর্মান্তিক মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছেন স্বজনেরা। নিথর দেহটি বাড়িতে পৌঁছাতেই কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো বড়ুয়া পাড়ার পরিবেশ। আনন্দযাত্রা এমন শোকে পরিণত হওয়ায় শোকের মাতম চলছে পুরো কোলাগাঁও ইউনিয়নে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কোলাগাঁও ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাফর আহমেদ জানান, নন্দন বড়ুয়া নতুন বাইকে মেয়ে ও দুই ভাতিজাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। দ্রুতগতির একটি ট্রাক তাদের বাইকটিকে মুখোমুখি চাপা দিলে একজন প্রাণ হারায় এবং দুজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
খবর পেয়ে কালারপুল পুলিশ ফাঁড়ির একটি দল দ্রুত দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। কালারপুল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাহিদ হাসান মৃধা জানান, খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার পর ঘাতক ট্রাকটিকে জব্দ করে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে এবং চালক মো. ইসমাইলকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।


