খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট ২০২৫
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে শোকজ করেছে দলটি। আজ রবিবার বিএনপির দপ্তরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
শোকজে বলা হয়েছে, ফজলুর রহমান জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান এবং আত্মদানকারী শহিদদের নিয়ে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন, যা দলের আদর্শ ও গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। দল মনে করছে, তার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং দলের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছে।
শোকজে আরও উল্লেখ করা হয়েছে, ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে বিএনপির সাড়ে চারশোর অধিক নেতা-কর্মীসহ ছাত্র-জনতার প্রায় দেড় হাজারের অধিক মানুষ শহিদ হয়েছেন এবং ত্রিশ হাজারেরও অধিক মানুষ গুরুতর আহত হয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার এ ধরনের বীরোচিত ভূমিকাকে আপনি প্রতিনিয়ত অপমান ও অমর্যাদা করছেন।’
ফজলুর রহমানকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে শোকজের লিখিত জবাব দলীয় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
খবরওয়ালা/শরিফ