খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: 16শে ভাদ্র ১৪৩২ | ৩১ই আগস্ট ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
ইন্দোনেশিয়ায় সংসদ সদস্যদের বেতন ও ভাতা নিয়ে কয়েকদিন ধরে চলা বিক্ষোভ ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। রাজধানী জাকার্তার বাইরে অন্তত চারটি আঞ্চলিক পার্লামেন্ট ভবনে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। পরিস্থিতির জেরে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো তার চীন সফর বাতিল করেছেন।
প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, তিনি দেশেই থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চান এবং শান্তিপূর্ণ সমাধান খুঁজছেন। ফলে বুধবার চীনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পূর্তির বিজয় শোভাযাত্রায় তিনি অংশ নিতে পারবেন না।
মাকাসারে বিক্ষোভের সময় আগুনে পুড়ে তিনজনের মৃত্যু হয়েছে। সিরেবোনে পার্লামেন্ট অফিসে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। পেকালংগান ও ওয়েস্ট নুসা তেংগারায় পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছে। এছাড়া, বালিতেও শনিবার বিক্ষোভ হয়েছে।
সরকার বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে বিক্ষোভকে উসকে দেওয়া হচ্ছে। এই কারণে টিকটক ইন্দোনেশিয়ায় সাময়িকভাবে লাইভ ফিচার বন্ধ করেছে।
এদিকে, নাসদেম দলের সংসদ সদস্য আহমেদ সারোনি বেতনভাতা নিয়ে সমালোচনাকারীদের ‘বিশ্বের সর্বশ্রেষ্ঠ স্টুপিড’ হিসেবে আখ্যায়িত করায় বিক্ষোভকারীদের ক্ষোভ আরও বেড়েছে। পরে তার বাড়িতেও লুটপাট চালানো হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, এই বিক্ষোভ প্রেসিডেন্ট প্রাবোও সরকারের এক বছরের শাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে।
তথ্যসূত্র: রয়টার্স
খবরওয়ালা/শরিফ