খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 6শে আশ্বিন ১৪৩২ | ২১ই সেপ্টেম্বর ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
আলোচিত ইসলামী বক্তা ও জামায়াত নেতা আমির হামজাকে রাজনৈতিক বিতর্কিত বিষয়ে বক্তব্য না দেওয়ার জন্য সতর্ক করেছে জামায়াতে ইসলামী। তিনি নিজেই এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।
রবিবার (২১ সেপ্টেম্বর) মুফতি হামজা বলেন, ‘সংগঠন থেকে আমাকে বলা হয়েছে রাজনৈতিক বিতর্কিত বিষয়ে কথা না বলতে। দুজন কেন্দ্রীয় দায়িত্বশীলও জানিয়েছেন, মাহফিলে যেন কোরআনের তাফসিরের বাইরে আর কিছু না বলি। তাই এখন থেকে শুধু তাফসির নিয়েই সীমাবদ্ধ থাকব।’
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হল নিয়ে দেওয়া বক্তব্যের সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন, ‘সলিমুল্লাহ মুসলিম হলের নাম বলতে গিয়ে ভুলে মুহসিন হল বলেছি। মুখ ফসকে হয়েছে। এর জন্য ক্ষমাপ্রার্থী। মুহসিন হলে ছাত্রলীগের সময়ে জুলুম-অত্যাচার হয়েছে, বাথরুমে নামাজ পড়তে হয়েছে—এমন কথা বলা উচিত হয়নি। আগামীতে আরও সতর্ক থাকব।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে ‘মদের বোতল’ প্রসঙ্গেও সমালোচনার জবাবে তিনি বলেন, ‘আমি তো সেখানে ছিলাম, ক্যাম্পাসে কি হতো সবাই জানে। যদি আমার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকে, আমি দুঃখিত। আসলে ওয়াজ করতে গিয়ে তুলনা টানতে গিয়ে অনেক সময় ভুল হয়।’
ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে দেওয়া বক্তব্যের প্রসঙ্গেও তিনি বলেন, ‘মা হাওয়ার সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে এ কথা বলেছিলাম। পরে আমি মাফ চেয়েছি। আর কোনোদিন এমন কিছু বলব না।’
উল্লেখ্য, আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র ছিলেন। তিনি জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী। সম্প্রতি তার বেশ কিছু বক্তব্য নিয়ে তুমুল বিতর্ক দেখা দেয়। এক মাহফিলে ‘১৬ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলে আজান দিতে দেওয়া হয়নি’ দাবি করে বক্তব্য দেন তিনি। এ নিয়ে সমালোচনা দেখা দেয়।
এর প্রতিবাদ জানিয়ে তাকে ক্ষমা চাইতে বলে ছাত্রদল। ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতা-কর্মীরাও সমালোচনা করেছেন। এর আগে ভারতের দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে দেওয়া বক্তব্য ঘিরেও সমালোচনা হয়। এ বক্তব্যের জন্য ক্ষমা চান আমির হামজা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়েও মন্তব্য করেন তিনি। এ নিয়েও সমালোচনা চলছে।
খবরওয়ালা/এন