খবরওয়ালা অনলাইন ডেস্ক: সন্ধার আকাশে পৃথিবী থেকে এক সারিতে দেখা যাচ্ছে সৌরজগতের সাতটি গ্রহ। জোতির্বিজ্ঞানের ভাষায় মহাজাগতিক এ বিরল ঘটনার নাম ‘প্ল্যানেটারি প্যারেড’বা ‘গ্রহের কুচকাওয়াজ’। এমন ঘটনা আবার দেখা যাবে প্রায় ১৫ বছর পর ২০৪০ সালে ।
গতকাল মঙ্গলবার থেকে আগামীকাল বৃহস্পতিবার সূর্যাস্তের পর এই দৃশ্য দেখা যাওয়ার কথা।
এদিকে বার্ষিক আমেরিকান সাময়িকী ফার্মার্স অ্যালমানাক জানিয়েছে, এক সারিতে অবস্থান করা সাতটি গ্রহ হলো বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন।এর মধ্যে বুধ, শুক্র, বৃহস্পতি ও মঙ্গল গ্রহ দেখা যাবে খালি চোখে। দিগন্তের নিম্নরেখায় অবস্থান করার কারণে খালি চোখে শনি গ্রহ দেখা হবে কঠিন। আর ইউরেনাস ও নেপচুনকে দেখতে হলে প্রয়োজন হবে টেলিস্কোপের।
আকাশ মেঘমুক্ত থাকলে এ দৃশ্য ভালোভাবে দেখা যাবে। তবে এককাতারে সাত গ্রহের দেখা মিলবে খুবই অল্প সময়ের জন্য। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে শনি ও বুধও অস্ত যাবে বলে এই দুই গ্রহের দেখা পাওয়াটা হবে কঠিন।
লন্ডনভিত্তিক রয়্যাল অবজারভেটরি গ্রিনউইচের জ্যোতির্বিজ্ঞানী এডওয়ার্ড ব্লুমার বলেন, এক সারিতে সাতটি গ্রহের দেখা পাওয়ার এ এক বিরল সুযোগ। এ দৃশ্য দেখার জন্য সূর্যাস্তের পর কয়েক মিনিট মাত্র সময় পাওয়া যাবে। কারণ, এরপরই তারা দিগন্তে মিলিয়ে যাবে। তবে এরপরও শুক্র, বৃহস্পতি ও মঙ্গল—এই তিন গ্রহকে বেশ খানিকটা সময় ধরে দেখা যাবে।
খবরওয়ালা/এফএস



