খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই ২০২৬
বিশ্ব ফুটবলের বরপুত্র ক্রিস্টিয়ানো রোনালদো এবার নতুন এক চমক নিয়ে ভক্তদের সামনে হাজির হচ্ছেন। সবুজ ঘাসের মাঠে একের পর এক গোল করার পাশাপাশি এবার তাকে দেখা যাবে বিনোদন জগতে। টেলিভিশন সিরিজ নির্মাণের পেছনের কারিগর হিসেবে যুক্ত হওয়ার পাশাপাশি একটি ব্রিটিশ সিরিজে সরাসরি অভিনয়ও করবেন পর্তুগিজ এই ফুটবল কিংবদন্তি।
যুক্তরাজ্যের অন্যতম জনপ্রিয় সংবাদমাধ্যমে-এর একটি বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, ‘ডে ওয়ানস’ নামের একটি নতুন ড্রামা সিরিজের নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন রোনালদো। তবে কেবল প্রযোজনাতেই সীমাবদ্ধ থাকছেন না তিনি, এই সিরিজের একটি বিশেষ চরিত্রে তাকে স্ক্রিনে অভিনয় করতেও দেখা যাবে।
নতুন এই সিরিজের মূল গল্প তৈরি হয়েছে কাল্পনিক ফুটবল এজেন্ট স্ট্যানলি ডালটনকে কেন্দ্র করে। নাম ভূমিকায় অভিনয় করছেন নামকরা হলিউড তারকা ড্যামিয়ান লুইস, যাকে এর আগে দর্শক জনপ্রিয় টিভি সিরিজ ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়ানস’-এ কেন্দ্রীয় চরিত্রে দেখেছেন। ইতিমধ্যেই যুক্তরাজ্যে এই ধারাবহিকের শুটিং শুরু হয়ে গেছে। গত সপ্তাহে লন্ডনের উত্তর-পশ্চিমাঞ্চলের বার্নেট এফসির স্টেডিয়ামে ড্যামিয়ান লুইসকে দৃশ্যধারনে অংশ নিতে দেখা যায়।
গল্পের প্রেক্ষাপট ও এতে যুক্ত তারকাদের উপস্থিতি নিয়ে বিনোদনপাড়ায় তুমুল চর্চা চলছে। রোনালদোর সঙ্গে এই সিরিজে যুক্ত হয়েছেন আর্সেনাল ও ফ্রান্সের সাবেক কিংবদন্তি ফুটবলার থিয়েরি অঁরি। মূলত থিয়েরি অঁরির বাস্তব জীবনের এজেন্ট ড্যারেন ডেইনের দেওয়া এক অনন্য ধারণা থেকেই পুরো কাহিনির সূত্রপাত ঘটে। প্রযোজনা দল সূত্রে জানা গেছে, তারকাদের বিশাল সমাগম ও বিশাল বাজেটের কারণে সিরিজটির স্বত্ব কিনতে এখনই আন্তর্জাতিক স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে গেছে।
নির্মাণ সংশ্লিষ্টরা স্পষ্ট করেছেন যে, এটি জনপ্রিয় ফুটবল কমেডি সিরিজ ‘টেড ল্যাসো’-এর মতো কোনো হালকা চালের কাজ নয়। বরং এতে ফুটে উঠবে আধুনিক ফুটবলের ভেতরের বাণিজ্য, খেলোয়াড়দের জটিল সম্পর্ক এবং পর্দার পেছনের ক্ষমতার নানা রাজনীতি। কিছুটা হাস্যরসের উপাদান থাকলেও এটি মূলত একটি মার্জিত ও টানটান উত্তেজনার নাট্যধারা। যুক্তরাষ্ট্রের বাজারে সম্প্রতি অনুষ্ঠিত বিশ্বকাপের পর থেকে ব্রিটিশ ফুটবল সংস্কৃতির প্রতি দর্শকদের বিপুল আগ্রহ তৈরি হয়েছে, যা এই প্রজেক্টের বাজার তৈরিতে বড় ভূমিকা রাখবে।
সিরিজটি যৌথভাবে প্রযোজনা করছে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ‘ইউআর মার্ভ স্টুডিওস’। চলতি বছরই ক্রিস্টিয়ানো রোনালদো এবং ‘কিংসম্যান’ ও ‘কিক–অ্যাস’খ্যাত বিখ্যাত ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক ম্যাথিউ ভন একসাথে মিলে এই স্টুডিওটি প্রতিষ্ঠা করেন। সিনেমার চেনা ধাঁচ বদলে দিয়ে একেবারেই ব্যতিক্রমী কনটেন্ট উপহার দেওয়াই তাদের মূল উদ্দেশ্য।
নতুন এই যৌথ উদ্যোগ নিয়ে পরিচালক ম্যাথিউ ভন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘ক্রিস্টিয়ানো খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারজুড়ে মাঠে এমন সব অসাধারণ মুহূর্ত আর গল্প উপহার দিয়েছেন, যা কোনো চিত্রনাট্যকার চাইলেও কল্পনা করে লিখতে পারতেন না। তার সাথে পর্দা শেয়ার করা এবং নতুন গল্পের সমন্বয় ঘটানো সত্যিই রোমাঞ্চকর।’ অন্যদিকে নিজের নতুন পদক্ষেপ নিয়ে রোনালদো জানান, ফুটবলের বাইরের এই নতুন সফর তার জীবনের অন্যতম রোমাঞ্চকর অধ্যায়।
বর্তমানে ৪১ বছর বয়সী রোনালদো মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব আল-নাসরের অধিনায়ক হিসেবে মাঠ কাঁপাচ্ছেন। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগের পরাশক্তি ম্যানচেস্টার ইউনাইটেডে দীর্ঘ সময় খেলেছেন তিনি। খেলার পাশাপাশি নিজের আন্তর্জাতিক ব্র্যান্ড ভ্যালুকে নতুন মাত্রায় নিতেই বিনোদন ইন্ডাস্ট্রিতে তার এই আত্মপ্রকাশ। উল্লেখ্য, ‘ডে ওয়ানস’ সিরিজে আরও অভিনয় করছেন জনপ্রিয় ব্রিটিশ র্যাপার ডেভ এবং উদীয়মান অভিনেত্রী কারলোত্তা বানাত। তবে এটি কোন ওটিটি বা স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে তা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।