বিশ্বে ‘সবচেয়ে অবহেলিত’ ও মানবিক সংকটে থাকা দশটি দেশের তালিকা প্রকাশ

বিশ্বের ‘সবচেয়ে অবহেলিত’ মানবিক সংকটে থাকা দশটি দেশের তালিকা প্রকাশ করেছে নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি)। মঙ্গলবার (৩ জুন) প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ তালিকা প্রকাশ করা হয়। এতে মানবিক সহায়তার ঘাটতি, গণমাধ্যমের মনোযোগের অভাব এবং আন্তর্জাতিক রাজনৈতিক সম্পৃক্ততার সংকট—এই তিনটি মানদণ্ডের ভিত্তিতে দেশগুলোকে নির্বাচন করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ক্যামেরুন এই তালিকায় শীর্ষে রয়েছে। দেশটিতে এক দশকেরও বেশি সময় ধরে তিনটি দীর্ঘস্থায়ী সংকট চলছে। এর মধ্যে রয়েছে লেক চাদ অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর সহিংসতা, অ্যাংলোফোন (ইংরেজিভাষী) অঞ্চলগুলোর রাজনৈতিক অস্থিরতা এবং মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র থেকে আসা অনিশ্চয়তা।

এনআরসি জানায়, ২০২৪ সালের হিসাব অনুযায়ী ক্যামেরুনে প্রায় ৩৪ লাখ মানুষের জরুরি সহায়তা ও সুরক্ষার প্রয়োজন রয়েছে। এর মধ্যে ১১ লাখেরও বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত, এবং প্রায় ৫ লাখ শরণার্থী ও আশ্রয়প্রার্থী নিরাপত্তাহীনতায় রয়েছেন।

এনআরসির মতে, পর্যাপ্ত অর্থায়ন না থাকায় এবং আন্তর্জাতিক মহলের কার্যকর সম্পৃক্ততার অভাবে ২০২৫ সালে ক্যামেরুনের সংকট আরও ভয়াবহ হতে পারে।

এবারের তালিকায় থাকা ১০ দেশের মধ্যে ৮টিই আফ্রিকায় অবস্থিত। ক্যামেরুন ছাড়াও তালিকায় রয়েছে: ইথিওপিয়া, মোজাম্বিক, বুরকিনা ফাসো, মালি, উগান্ডা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, সোমালিয়া, ইরান এবং হন্ডুরাস।

এনআরসি আরও জানায়, ২০২৪ সালে বিশ্বব্যাপী প্রয়োজনীয় মানবিক সহায়তার জন্য যে তহবিল চাওয়া হয়েছিল, তার অর্ধেকেরও কম জোগান দেওয়া সম্ভব হয়েছে। এই ঘাটতি বিশ্ব প্রতিরক্ষা ব্যয়ের মাত্র প্রায় ১ শতাংশ।

সংস্থাটির মহাসচিব জ্যান এগল্যান্ড বলেন, ‘আন্তর্জাতিক সহানুভূতি ও দাতব্য নীতির জায়গায় এখন অনেক দেশ নিজেদের জাতীয় স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রসহ অনেক অঞ্চলের দাতারা সংকটকবলিত মানুষদের পাশে দাঁড়াতে আগ্রহ হারাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বিশ্বব্যাপী বৈদেশিক সাহায্যের হ্রাস এবং সহায়তা সংস্থাগুলোর বাজেট সংকোচনের ফলে এসব উপেক্ষিত সংকটে থাকা মানুষগুলো আরও বেশি বিপদের মুখে পড়ছে।’

 

সূত্র: এএফপি

খবরওয়ালা/আরডি

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।