বিষাক্ত মদপানে ৬ জনের মৃত্যু, গোপনে দাফন ৪ জনের

চুয়াডাঙ্গায় বিষাক্ত স্পিরিটজাত মদপানে ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর অসুস্থ অবস্থায় আলিম উদ্দিন নামের আরও একজন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রোববার রাতে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে কয়েকজন একসঙ্গে স্পিরিটজাত মদ পান করার পর থেকে একে একে ছয়জনের মৃত্যু হয়। রোববার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যাওয়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে।

মৃত ব্যক্তিরা হলেন— সদর উপজেলার নফরকান্তি গ্রামের ভ্যানচালক খেদের আলী (৪০), খেজুরা গ্রামের মাছ ব্যবসায়ী মোহাম্মদ সেলিম (৪০), পিরোজখালি গ্রামের ভ্যানচালক মোহাম্মদ লাল্টু ওরফে রিপু (৩০), শংকরচন্দ্র গ্রামের শ্রমিক মোহাম্মদ শহীদ (৪৫), ডিঙ্গেদহ গ্রামের মিল শ্রমিক মোহাম্মদ সামির (৫৫) এবং একই এলাকার শ্রমিক সরদার মোহাম্মদ লালটু (৫২)।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ডিঙ্গেদহ বাজার এলাকায় কয়েকজন একসঙ্গে স্পিরিট পান করেছিলেন। পরে বিভিন্ন সময়ে তারা অসুস্থ হয়ে পড়েন। এরই মধ্যে চারজনকে গোপনে দাফন করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য দুলু মিয়া বলেন, “ডিঙ্গেদহ বাজারে একসঙ্গে কয়েকজন স্পিরিট পান করেছিলেন। আমার ওয়ার্ডের দুজন মারা গেছেন, আরও কয়েকজনের মৃত্যুর খবর পেয়েছি।”

চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের বলেন, “মদপানে ছয়জনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চারজনকে ইতোমধ্যে গোপনে দাফন করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে।”

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।