বেঁচে যাওয়া ৮ কোটি ২৮ লাখ টাকা ফেরত পাচ্ছেন হজযাত্রীরা: ধর্ম উপদেষ্টা

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা যাত্রীদের উদ্বৃত্ত ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার ১৮৩ টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া ৪ হাজার ৯৭৮ জন হাজিকে এ অর্থ ফেরত দেওয়া হবে।

রবিবার (১৩ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। সেখানে তিনি বলেন, ‘এ বছর হজ প্যাকেজে বাড়িভাড়ার জন্য নির্ধারিত অর্থের তুলনায় কিছুটা কম খরচ হয়েছে। কিছু ক্ষেত্রে সার্ভিস চার্জও কমে এসেছে। ফলে হজ শেষে পুঙ্খানুপুঙ্খ হিসাব করে দেখা গেছে, প্রত্যেক হাজির কাছ থেকে গৃহীত অর্থের কিছু অংশ ফেরত দেওয়া সম্ভব হচ্ছে।’

ধর্ম উপদেষ্টা জানান, প্যাকেজ অনুযায়ী নির্দিষ্ট হাউজিংয়ে অবস্থান করা হাজিরা নির্ধারিত পরিমাণ অর্থ ফেরত পাবেন। সাধারণ হজ প্যাকেজ–১-এর আওতায় ৪, ৫ ও ৬ নম্বর বাড়িতে থাকা হাজিরা পাবেন ৫ হাজার ৩১৫ টাকা থেকে ২৩ হাজার ২৭ টাকা পর্যন্ত। প্যাকেজ–২–এর আওতায় ১, ২ ও ৩ নম্বর বাড়িতে থাকা হাজিদের ফেরত দেওয়া হবে ১৯ হাজার ১৯২ টাকা থেকে সর্বোচ্চ ৫৩ হাজার ৬৪২ টাকা পর্যন্ত।

তিনি আরও জানান, খুব শিগগিরই হাজিদের ব্যাংক অ্যাকাউন্টে এসব অর্থ পাঠিয়ে দেওয়া হবে। সরকারি ব্যবস্থাপনায় এবার দেশে ফিরেছেন মোট ৫ হাজার ৪১৩ জন হাজি। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন ৮১ হাজার ৬৮৭ জন। সব মিলিয়ে এ বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজ পালন করেন।

হজ চলাকালে মোট ৪৫ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে, যাঁদের মধ্যে ৩৪ জন পুরুষ ও ১১ জন নারী। উল্লেখ্য, গত ২৯ এপ্রিল থেকে হজযাত্রা শুরু হয়ে ৩১ মে পর্যন্ত চলে। ফিরতি ফ্লাইট চলে ১০ জুলাই পর্যন্ত।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।