ফরিদপুরের বোয়ালমারীতে ৭ নভেম্বর উপলক্ষে আয়োজিত কর্মসূচি কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে বোয়ালমারী উপজেলা সদর বাজারে এ ঘটনা ঘটে।
ফরিদপুর-১ আসনের দুই মনোনয়ন প্রার্থীর মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন ফরিদপুর-১ আসনের সাবেক বিএনপি সাংসদ ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, আর অন্য পক্ষের নেতৃত্ব দেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু।
শুক্রবার বিকালে উভয়পক্ষ পৃথকভাবে ৭ নভেম্বর পালন করতে কর্মসূচি আহ্বান করে। স্থানীয়রা জানান, বিকেলে দুইপক্ষের লোকজন বোয়ালমারী বাজারে জড়ো হতে থাকলে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটতে থাকে।
বিকাল সাড়ে চারটার দিকে খন্দকার নাসিরুল ইসলামের পক্ষের শত শত মানুষ লাঠিসোঠা ও ইট-পাটকেল নিয়ে শামসুদ্দিন মিয়া ঝুনু সমর্থিতদের অফিসে হামলা চালায়। এ সময় আশেপাশের অন্তত ৮–১০টি দোকান ভাঙচুর করা হয় এবং সমান সংখ্যক মোটরসাইকেলে আগুন লাগানো হয়।
প্রায় এক ঘণ্টা ধ্বংসযজ্ঞ চলার পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে গেলে বিক্ষুব্ধদের মুখোমুখি হয়ে ফিরে যেতে বাধ্য হন। পরে বিকাল সাড়ে পাঁচটার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের সংখ্যা জানা যায়নি।



