ব্যাটিং বিপর্যয়ে আফগানদের কাছে ১১৩ রানে হারলো বাংলাদেশ

যুব এশিয়া কাপের নিজেদের প্রথম ম্যাচেই চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ওমানের আল আমেরাতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ১১৩ রানের বিশাল ব্যবধানে হেরে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বোলাররা প্রতিপক্ষকে নাগালের মধ্যে ধরে রাখতে সক্ষম হলেও ব্যাটারদের ছন্নছাড়া পারফরম্যান্সে একপেশে ম্যাচে পরাজয় মেনে নিতে হয় বাংলাদেশকে।

২৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দিক হারায় অধিনায়ক ফরহাদ হাসানের দল। আফগান বোলারদের দারুণ পেস ও নিখুঁত স্পিনের সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের টপ ও মিডল অর্ডারের ব্যাটাররা। দলের স্কোরবোর্ডে বড় রান ওঠার আগেই, পাওয়ার প্লে শেষ হওয়ার পূর্বেই সাজঘরে ফেরেন প্রথম পাঁচ ব্যাটার। ১১তম ওভারে রকিবুল হোসেন আউট হলে মাত্র ৪১ রানেই ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে টাইগারেরা।

চরম বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে সপ্তম উইকেটে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন এসকে জারিফ সিয়াম ও রবিউল হাসান অনিক। এই জুটি থেকে সংগৃহীত ৫৫ রান বাংলাদেশ শিবিরে কিছুটা স্বস্তি আনলেও বড় হার এড়াতে তা যথেষ্ট ছিল না। সিয়াম ৫৮ বলে ৪১ রান এবং অনিক ৪৭ বলে ৩৩ রান করে আউট হন। শেষ দিকে পেস অলরাউন্ডার রুবাই ইসলাম রিজন ১৪ বলে ২১ রানের একটি ঝোড়ো ইনিংস খেলে পরাজয়ের ব্যবধান কিছুটা কমান। শেষ পর্যন্ত লাল-সবুজের দল মাত্র ১১৮ রানে অলআউট হয়। আফগানিস্তানের আমির হামজা, নুর আলি নিয়াজাই ও সামিউল্লাহ মুবারেজ ৩টি করে উইকেট নেন।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। শাহ ফয়সাল রাহিমির দায়িত্বশীল ব্যাটিংয়ে ভর করে লড়াই করার মতো সংগ্রহ পায় তারা। পঞ্চম উইকেটে তাহির সারওয়ারির সঙ্গে গুরুত্বপূর্ণ ৬১ রানের জুটি বাঁধেন রাহিমি। তাহির ৩৭ রান করে আউট হলেও অন্য প্রান্তে অটল থেকে ৯৭ বলে ৮৩ রানের ইনিংস খেলেন রাহিমি। শেষ দিকে নিম্ন সারির ব্যাটারদের কার্যকারী অবদানে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৩১ রান তোলে আফগানরা।

বাংলাদেশের হয়ে অভিষেক ম্যাচেই বল হাতে চমক দেখিয়েছেন পেসার তাফিউল আলম তামিম। তিনি একাই চার উইকেট শিকার করেন। এছাড়া রবিউল হাসান অনিক দুটি এবং রুবাই ইসলাম রিজন ও শেখ আতিকুর রহমান একটি করে উইকেট নেন। বড় এই হারের ধাক্কা কাটিয়ে টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকছে বাংলাদেশের সামনে। একই ভেন্যুতে শনিবার নিজেদের পরবর্তী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগারেরা।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।