মোটরসাইকেলের সামনের দিকে নির্ধারিত মান অনুযায়ী ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে নিজ দায়িত্বে এই নম্বরপ্লেট স্থাপন করতে হবে মোটরসাইকেলের মালিকদের। নির্ধারিত নিয়ম অনুসরণ না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। গত ১৬ অক্টোবর প্রকাশিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছে সংস্থাটি।
বিআরটিএর এ সিদ্ধান্তের লক্ষ্য সড়কে মোটরসাইকেলের নিবন্ধন নম্বর সহজে শনাক্ত করা এবং ট্রাফিক ব্যবস্থাপনা ও নজরদারি আরও কার্যকর করা। বর্তমানে মোটরসাইকেলের পেছনে আরএফআইডি (রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন) প্রযুক্তিসংযুক্ত রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ব্যবহার করা হয়। নতুন নির্দেশনা অনুযায়ী, পেছনের প্লেটের পাশাপাশি সামনের দিকেও নিবন্ধন নম্বর দৃশ্যমান রাখতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী নির্ধারিত নম্বরপ্লেট ব্যবহারের বিধান রয়েছে। সেই ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটও নির্দিষ্ট মান ও নকশা অনুসারে তৈরি করতে হবে। প্রাথমিক পর্যায়ে মালিকদের নিজেদের উদ্যোগে এই প্লেট তৈরি ও স্থাপন করতে হবে।
নম্বরপ্লেট তৈরিতে যেসব নিয়ম মানতে হবে
বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, সামনের নম্বরপ্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। প্লেটের পটভূমি হতে হবে সাদা এবং বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে কালো রঙে। নম্বরপ্লেটে কোনো ধরনের নকশা, অলংকরণ কিংবা শোভাবর্ধক উপাদান রাখা যাবে না। ফলে ব্যক্তিগত পছন্দ অনুযায়ী রং, নকশা বা সাজসজ্জা যোগ করার সুযোগ থাকবে না।
স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে নিবন্ধন নম্বর একটি আনুভূমিক রেখায় প্রদর্শন করা যাবে। তবে প্লেটের মাপ এবং অক্ষর ও সংখ্যার উচ্চতা নির্ধারিত সীমার মধ্যে রাখতে হবে। এ ক্ষেত্রে স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের জন্য আলাদা মাপ নির্ধারণ করেছে বিআরটিএ।
স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের নম্বরপ্লেটের মাপ
স্কুটারের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। এতে ব্যবহৃত বাংলা অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।
অন্যদিকে, স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য নির্ধারণ করা হয়েছে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। এসব প্লেটেও অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।
নম্বরপ্লেট তৈরির সময় শুধু নির্ধারিত মাপ অনুসরণ করলেই হবে না; উপকরণ, রং, অক্ষর ও সংখ্যার ধরন এবং প্রদর্শনের পদ্ধতিও নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। ভুল মাপের প্লেট কিংবা অননুমোদিত নকশা ব্যবহার করলে তা বিআরটিএর শর্ত পূরণ করবে না।
মালিকদের জন্য সময়সীমা ১৫ নভেম্বর
নির্ধারিত সময়ের মধ্যে নতুন নিয়ম অনুযায়ী সামনের নম্বরপ্লেট স্থাপনের জন্য মোটরসাইকেলের মালিকদের আহ্বান জানিয়েছে বিআরটিএ। এ নির্দেশনা কার্যকর করতে মালিকদের নিজ উদ্যোগেই প্লেট তৈরি ও লাগানোর প্রস্তুতি নিতে হবে।
সামনের দিকে নিবন্ধন নম্বর দৃশ্যমান থাকলে সড়কে চলাচলকারী মোটরসাইকেল শনাক্ত করা সহজ হতে পারে। ট্রাফিক ব্যবস্থাপনা, সড়ক নজরদারি এবং বিভিন্ন ঘটনায় যানবাহনের পরিচয় নির্ধারণের ক্ষেত্রেও এটি সহায়ক হতে পারে। তবে এসব সুবিধা নিশ্চিত করতে নম্বরপ্লেট স্পষ্টভাবে দৃশ্যমান রাখা এবং নির্ধারিত মান বজায় রাখা জরুরি।
তাই মোটরসাইকেলের মালিকদের ১৫ নভেম্বরের সময়সীমার মধ্যে নির্দেশনা অনুযায়ী নম্বরপ্লেট স্থাপন করতে হবে। একই সঙ্গে প্লেট তৈরির আগে নির্ধারিত মাপ ও অন্যান্য শর্ত ভালোভাবে যাচাই করে নেওয়া প্রয়োজন, যাতে নিয়মবহির্ভূত নম্বরপ্লেট ব্যবহারের কারণে আইনগত জটিলতায় পড়তে না হয়।


