ভোরে পুলিশের অভিযান, পরে যুবদল নেতার লাশ মিলল ধঞ্চে খেতে

‎ঢাকার নবাবগঞ্জ উপজেলায় যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৬ জুলাই) ভোরে তাকে গ্রেপ্তার করতে মৃধাকান্দায় তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তাকে না পেয়ে ফিরে যায় তারা। পরে নিজ বাড়ির পাশের ধঞ্চেখেত থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎নিহত মো. আমজাদ হোসেন ওই এলাকার বাসিন্দা ও নবাবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।

ভোরে উপজেলার মৃধাকান্দায় আমজাদ হোসেনের বাড়িতে অভিযানে যায় পুলিশ। পাশের একটি ধঞ্চেখেতের পাশ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন স্বজনেরা। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎নিহতের স্বজন সূত্রে জানা গেছে, আমজাদকে ধরতে ভোরে নবাবগঞ্জ থানা-পুলিশের একটি টিম তাদের বাড়িতে অভিযানে এসে বাড়ির চারপাশে অবস্থান নেয়। পরে তারা আমজাদকে না পেয়ে চলে যায়। পরিবারের লোকজন আমজাদকে ঘরে না পেয়ে ধারণা করেছিলেন ফজরের নামাজ পড়তে মসজিদে গিয়েছেন। পরে মুসল্লি ও স্থানীয়রাও তাকে অচেতন অবস্থায় বাড়ির পাশের ধঞ্চেখেতের পড়ে থাকতে দেখে তাদের খবর দেয়।

‎স্বজনেরা তাকে অচেতন ও নাক দিয়ে রক্ত পড়া অবস্থায় উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎‎নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, ‘উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ একটি চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামি। এ ছাড়া আমজাদের নামে রাজনৈতিক মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে ওয়ারেন্ট ইস্যু হয়েছিল। এ কারণে ভোরে তাকে গ্রেপ্তার করতে পুলিশ তার গ্রামে গিয়েছিল। পরে তাকে না পেয়ে পুলিশ চলে আসে।’

‎‎ওসি বলেন, ‘এলাকায় পুলিশ এসেছে জানতে পেরে হয়তো তিনি ভয়ে পালাতে গিয়েছিলেন। এ সময় স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

‎‎মৃত্যু নিয়ে পরিবারের সন্দেহ থাকায় সকালে লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

‎‎এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।